
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদের ভেতর ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটক ইমাম হাফেজ মো. মাহবুব ওরফে মাহবুল্লাহ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।
স্থানীয়রা জানায়, আটক ওই ইমাম স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসায় হাফিজি পড়ালেখা শেষ করেন। পরে গত এক মাস ধরে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে ৫ ওয়াক্ত নামাজ পড়ান। ভুক্তভোগী ৭ বছর বয়সী শিশু ইমামের জন্য দুপুরের খাবার নিয়ে গেলে তাকে ধর্ষণ করে। শিশুটি বেরিয়ে এসে বিষয়টি জানালে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সামনেই বিক্ষোভ করে। এসময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে। কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।