
চুয়াডাঙ্গা সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।
গতকাল রোববার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির একটি নিয়মিত টহল দলসীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে সকাল সোয়া ৯টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে টহলরত সদস্যরা সন্দেহজনকভাবে চলাচলরত ১০ সদস্যের একটি দলকে শনাক্ত করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত অতিক্রমের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিজিবির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি আরও জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অবৈধ পারাপার রোধে তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।