
রংপুরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মিঠাপুকুর কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালাই গ্রামের মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা গ্রামের কফুর উদ্দিনের ছেলে সাজু মিয়া (৫৫)। এ ঘটনায় গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বুজরুক ঝালাই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে এরশাদ মিয়া (৪০)। গতকাল সোমবার (দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, বালারহাট ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম। তিনি জানান, রোববার রাতে বালারহাট বাজারে ওই চার ব্যক্তি একসঙ্গে বিষাক্ত মদপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়া ছড়িয়ে পড়লে রাতেই ছাত্তার মিয়া এবং পরে হুজুর আলী নিজ বাড়িতে মারা যান। অপর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়ারও মৃত্যু হয়। চিকিৎসাধীন অপরজনের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বালারহাট ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।