
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে ফরিংখালী নদী ভাঙনের ফলে রাজানীকান্দার ২৬ পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীনের পথে। ইতোমধ্যে ৭/৮ টি ঘর ভিটেসহ নদীগর্ভে বিলীন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
গতকাল সোমবার সরেজমিন গেলে রাজানীকান্দা বাসিন্দা ষাটোর্ধ্ব বয়সী আব্দুল হক কান্না জড়িত কন্ঠে বলেন, ১২ বছর মানুষের বাড়িতে থেকেছি।
ছেলেগুলো নিয়া কষ্ট করে এখানে বাড়ি করেছি। কিন্তু নদী সব ভেঙে নিয়ে যাচ্ছে।
আরেক বাসিন্দা ইউনুস আহমাদ জানান, আমাদের এই রাজানীকান্দা থেকে প্রায় ২শ হাত পশ্চিমে নদী ছিলো। কিন্তু নদী ভাঙ্গতে ভাঙ্গতে এখন বসত ভিটেতে এসে ভাঙ্গা শুরু করেছে।
এ বিষয়ে মাসখানেক আগে ইউএনও স্যারকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু দেখতেও পর্যন্ত আসেনি!
ইউপি সদস্য টিটু মিয়া জানান, রাজানীকান্দার ওই বাড়িগুলো থেকে নদী অনেক দূরে ছিলো, কিন্তু নদী এখন বাড়িঘর ভিটে ভাঙছে। তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে গোবিন্দশ্রী থেকে কদমশ্রী বেইন্নে বাজার যাওয়ার ডিসি রাস্তাটি ভেঙে যেতে পারে।
স্থানীয় শিক্ষক মিলাদ হোসেন জানান, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে নদীভাঙন রোধ করা সম্ভব।
গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান, নদী ভাঙ্গনে রাজানীকান্দার কিছু পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত নদী ভাঙন রোধ না করতে পারলে রাজানীকান্দার ওই বাড়িগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং কদমশ্রী সকাল বাজার হতে গোবিন্দশ্রী ডিসি রোড পর্যন্ত যে পাকা সড়ক রয়েছে তাও ভেঙ্গে যেতে পারে।
এ বিষয়ে ইউএনও নাদির হোসেন শামীম জানান, এ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। নদী ভাঙ্গনের বিষয়টি আমার জানা ছিলো না, আপনার মাধ্যমে অবগত হলাম। যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলে সরকারি ভাবে সহযোগিতা করা হবে। এছাড়াও নদীভাঙন টেকাতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বলে সমাধান করার চেষ্টা করবো।