
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামে গোষ্ঠীগত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় গিয়াস উদ্দিনসহ এ পর্যন্ত সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার বিকাল থেকে রাতভর দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন চর বলাকী গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে গিয়াস উদ্দিন (৬৫)। মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আটক হওয়া অন্যরা হলেন- চর বলাকী গ্রামের মৃত ফজলুর করিমের ছেলে আনোয়ার হোসেন প্রধান (৫০), মাহফুজ মেম্বারের ছেলে মনজুর আলম (৪৪), মো. মাসুম (৪৫), টান বলাকী গ্রামের শুকুর আলীর ছেলে মো. জান্নাত (৩১), মাহফুজ প্রধানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২) এবং কেরামত আলী মাস্টারের ছেলে মো. মাজহারুল (৫৫)। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন,দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। উল্লেখ্য, সোমবার দুপুরে চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।