
৭৮ দিনের প্রশাসনিক শূন্যতা কাটিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে পূর্বধলা উপজেলার দায়িত্বভার বুঝে নেন।
গত ১৫ মার্চ তৎকালীন ইউএনও মো. আনিসুর রহমান খান বদলি হওয়ার পর থেকে উপজেলাটিতে কোনো স্থায়ী ইউএনও ছিলেন না। এ সময়ে সহকারী কমিশনার (ভূমি) তাসনিন জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে রুটিন দায়িত্ব পালন করেন। তবে স্থায়ী কর্মকর্তা না থাকায় উপজেলার বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সামগ্রিক প্রশাসনিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা দেয়।এর আগে গত (৭, মে) এক প্রজ্ঞাপনে অলিদুজ্জামানকে পূর্বধলার ইউএনও হিসেবে পদায়ন করা হলেও পূর্বধলায় যোগদানের আগেই তাকে খালিয়াজুরী উপজেলায় বদলি করা হয়।
ফলে পূর্বধলায় স্থায়ী কর্মকর্তা নিয়োগ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে শফিকুল ইসলামের যোগদানের মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান ঘটল।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে শফিকুল ইসলামকে পূর্বধলার ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা এই কর্মকর্তা এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।