
বরকে নিয়ে বধূ বেশে কাজির জন্য অপেক্ষা করছে এসএসসি পরীক্ষার্থী দশম শ্রেণির মাদরাসা ছাত্রী। বাইরে চলছে রান্না-বান্নার কাজ। তবে মধ্যরাতে হঠাৎ উপস্থিত ইউএনও। পন্ড করলেন বাল্যবিয়ের আসর। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না-এই মর্মে মৌখিক স্বীকারোক্তিও নেন অভিভাবকদের।কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোর্দবন গ্রামে মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। অভিযানে সহযোগিতা করে থানা পুলিশ সদস্য।
স্বজনরা জানান, কনে কুমারখালী ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। আর বর একই প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রায় দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। বিয়ে না দিলে আত্মহত্যা করবে বলে হুমকি দেয় ছেলে-মেয়ে উভয়ই। এ কারণে বাধ্য হয়েই অভিভাবকরা বাল্যবিয়ের আয়োজন করেছিলেন। তবে কাজি আসার আগেই ম্যাজিস্ট্রেট হাজির হওয়ায় বিয়ের আসর পন্ড হয়ে যায়।