
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে সাসাজিক আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য কফিল ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিএলকে গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষই দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪৫ জন আহত হন। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ফরিদপুর ও কুষ্টিয়া।
এ সময় কয়েকটি বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
থানা পুলিশ আরও জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানাতে মামলার প্রস্তুতি চলছে। কেউ আটক না হলেও দোষিদের খুজে বের করতে অভিযান চালানো হচ্ছে।