
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নিজ জন্মভূমি রাজবাড়ীর গোয়ালন্দে ফিরেছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান।গতকাল বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ফুলের তোড়া, ব্যানার-ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে গোয়ালন্দ বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থানের পর পুনরায় নেতাকর্মীদের অংশগ্রহণে তাকে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়।সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মণ্ডল দেলো এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে ফরিদ দেওয়ান বলেন, আমি একটি মাদকমুক্ত, সুন্দর ও সুস্থ গোয়ালন্দ গড়ে তুলতে চাই।