
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টের সামনে জাপান প্রবাসী দম্পতির গাড়ি থামিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মুঠোফোন ও নগদ টাকা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ ঘটনায় জাপান যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে এই প্রবাসী দম্পতির। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ।
জানা গেছে, ভুক্তভোগী আরমানের (৪০) বাড়ি ফেনী জেলায়। তিনি স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জাপানে ফেরার উদ্দেশ্যে একটি হাইয়েস মাইক্রোবাসে করে ফেনী থেকে ঢাকায় বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, রাত সাড়ে আটটার দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছলে ৫-৬ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।
পরে গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে সঙ্গে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। লুট হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৩০ লাখ টাকার বেশি বলে দাবি ভুক্তভোগীদের।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানান, তিনি একই পথে যাওয়ার সময় কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সামনে এগোননি। কিছুক্ষণ পর ওই মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় দায়িত্বরত কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি মহাসড়কের মূল সড়কে নয়। মহাসড়কের পাশের একটি নিচু সড়কে ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।