
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে দুটি আমবাগানে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ সময় দুজন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার ভোরে ও সকালে এসব ককটেল বিস্ফোরণ ঘটে। পরে কবিরাজ পাড়ার একটি আমবাগানে অভিযান চালিয়ে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বিস্ফোরণে আহতরা হলেন— কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়ার শাহাবুদ্দিনের ছেলে সুমেল ও রামচন্দ্রপুর গোটি পাড়ার এলামের ছেলে আব্দুল হামিদ । দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরে মহারাজপুর ইউনিয়নের কবিরাজ পাড়া ও শেখ পাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শেখ পাড়ার সেকেন্দার চৌধুরীর আমবাগানে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজ পাড়ার নবাব আলীর আমবাগানে আরও দু'টি ককটেল বিস্ফোরিত হয়।
এতে সুমেল ও হামিদ আহত হন। স্থানীয়দের দাবি, দীর্ধদিন ধরেই স্থানীয় আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে।
সম্প্রতি এই বিরোধ আরও তীব্র হয়। ওই বিরোধের কারণে সংঘাতে জড়াতেই ককটেলগুলো মজুত করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের হাতের আঙুল, হাড়সহ মাংসের বিভিন্ন অংশ এবং ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
তিনি জানান, ককটেল বিস্ফোরণে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।