ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ধর্মপাশা-মধ্যনগরে জনবল সংকটে প্রশাসনিক সেবা ব্যাহত

ধর্মপাশা-মধ্যনগরে জনবল সংকটে প্রশাসনিক সেবা ব্যাহত

তীব্র জনবল সংকটের কারণে সুনামগঞ্জের ধর্মপাশা ও পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রশাসনিক সেবা। কর্মকর্তা না থাকায় একই সাথে চার পদের অতিরিক্ত দায়িত্ব সামলাতে হচ্ছে ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়কে। নিজের মূল পদের পাশাপাশি তিনি মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও এবং উভয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একজন কর্মকর্তার ওপর দুটি উপজেলার প্রশাসনিক ও বিচারিক কাজ ন্যাস্ত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা। সরেজমিন জানা যায়, নিয়মিত তদারকির অভাবে জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ যেমন— নামজারি (মিউটেশন) ও খতিয়ান উত্তোলনে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে জমি কেনাবেচা ও ব্যাংক ঋণ গ্রহণের প্রক্রিয়া। একই সাথে প্রশাসনিক নজরদারি শিথিল হওয়ার সুযোগে দুই উপজেলায় অবৈধ বালু উত্তোলন, খাল-পুকুর ভরাট এবং খাসজমি দখলের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে স্থায়ী এসিল্যান্ডসহ প্রয়োজনীয় কর্মকর্তা পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

?এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় জানান, পদগুলো শূন্য থাকায় সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রতিদিন সময় ভাগ করে দুই উপজেলার ফাইল নিষ্পত্তি ও দাপ্তরিক কাজ চালিয়ে নিচ্ছি, যাতে সেবা ব্যাহত না হয়। তবে কাজের চাপ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, উভয় উপজেলার শূন্য পদগুলোতে স্থায়ী কর্মকর্তা পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে এরইমধ্যে লিখিত চিঠি পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই এসব পদে স্থায়ী কর্মকর্তা নিয়োগ দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত