
গ্যাস সংকট কাটিয়ে ৮ মাস পর উৎপাদনে ফিরলো জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। দীর্ঘ ৮ মাস পর পুনরায় গ্যাস সংযোগ পেয়ে ফের উৎপাদনে ফেরায় খুশি এলাকাবাসী।
এতে করে দীর্ঘদিনের সার না পাওয়ায় ভোগান্তি লাঘব হয়েছে। কারখানা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা। এ কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন এবং কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে বর্তমানে উৎপাদন ১ হাজার ২০০ টনে নেমে আসে।
এ কারখানা থেকে ২০টির বেশি জেলার আড়াই হাজার ডিলারের মাধ্যমে সার সরবরাহ করা হয়। সবশেষ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি ও গ্যাসের চাপ কমে যাওয়ার কারনে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এদিকে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ রবিবার পুনরায় গ্যাস সংযোগ পায় যমুনা সারকারখানা। এ বিষয়ে যমুনা সারকারখানার বিভাগীয় প্রধান (উৎপাদন) ফজলুল হক বলেন, প্রায় ৮ মাস পর গ্যাস সংকট কাটিয়ে মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিট থেকে ইউরিয়া উৎপাদনে যায় যমুনা সারকারখানা। আশা করি দ্রুত সারাদেশে যমুনার উৎপাদিত সার সরবরাহ করা হবে।