
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের অচল অ্যাম্বুলেন্সটি সংসদ সদস্যের উদ্যোগে পুনরায় সচল হয়েছে। এতে হাসপাতাল থেকে রোগী পরিবহনে ভোগান্তি কমায় স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মধ্যে। জানা যায়, হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অচল থাকায় জরুরি প্রয়োজনে রোগীদের বাইরের অ্যাম্বুলেন্স ভাড়া করতে হতো।
এতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত, এমনকি প্রায় দ্বিগুণ ভাড়া গুণতে হতো রোগীদের। ফলে দরিদ্র ও নিম্নআয়ের রোগীদের পড়তে হতো চরমভোগান্তিতে। সম্প্রতি সংসদ সদস্যের উদ্যোগে এবং ধোবাউড়া থানার ওসি'র তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সটির প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে পুনরায় চালু করা হয়। এখন থেকে হাসপাতাল থেকে ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা যাবে। এ বিষয়ে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও প্রমিতপাল বলেন, সংসদ সদস্যের উদ্যোগে এবং ওসির তত্ত্বাবাধনে হাসপাতালের অচল অ্যাম্বুলেন্সটি সচল হয়েছে। এতে রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।