ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সংসদীয় কমিটির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

সংসদীয় কমিটির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসনের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।

গতকাল বৃহস্পতিবার সকালে কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি বিমানযোগে কক্সবাজার পৌঁছায়। পরে তারা সরাসরি উখিয়ার কয়েকটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এস কে আজিজুল বারী, সৈয়দ সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাপন, আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তার কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, প্রয়োজন ও প্রত্যাশা সম্পর্কেও জানার চেষ্টা করেন প্রতিনিধিদলের সদস্যরা। এদিন সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে অবস্থিত আরাকান ও মিয়ানমারের ঐতিহ্য কেন্দ্র পরিদর্শন করে। পরে ৯ নম্বর আশ্রয়শিবিরে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল ঘুরে দেখেন। এরপর ৪ নম্বর আশ্রয়শিবিরে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্র পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা।

এ ছাড়া ৪ নম্বর আশ্রয় শিবিরের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গাদের জীবনযাপনের বাস্তবতা, বিভিন্ন প্রয়োজন এবং ভবিষ্যৎ সম্পর্কে জানার চেষ্টা করেন।

এদিকে সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে সরকারি প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রতিনিধিদলটির। বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে সফরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরার কথা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত