
দলিল লেখার নামে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনে কেউ অনিয়ম করলে, তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। গতকাল বৃহস্পতিবার ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস শাখা বাংলাদেশ দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী শহরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার আবদুর রহমান মোহাম্মদ তামিমের সভাপতিত্বে ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস।
বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নুরুল হক মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জমি-জমাসংক্রান্ত দলিল তৈরির ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ, পেশাগত সততা ও আইনগত বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাও জরুরি। এ জন্য সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা দলিল লেখকদের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাশেদ ইকবাল, ফেনী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল হক, সদ্য সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোলেমান, সদস্যসচিব জসিম উদ্দিন, দলিল লেখক ইকবাল হোসেন জামশেদ ও নকল নবিস সমিতির সভাপতি দিদারুল আলম প্রমুখ।