
সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখীয়া গ্রামের মর্তুজ আলী হালদারের ছেলে বা"চু হাওলাদার ও সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ২নং গলির শাহাদত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন বুধবার বিকেলে পৃথক মামলায় এ রায় দেন। ওই আদালতের এপিপি শামচুজ্জোহা শাহান শাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ১১ নভেম্বর র্যাব-১২-এর একটি দল সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ বা"চু হাওলাদারকে গ্রেফতার করে। এদিকে ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এ মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।