
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. আবু কাউছার নামে এক যুবদল কর্মীকে এলোপাতারি কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালক মাছুম মিয়া।গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য। তিনি ওই ওয়ার্ডের কাপ্তানবাজার এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেনের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর কাপ্তানবাজার এলাকার কাউছারের বন্ধু মো. শামীম এবং আদর্শ সদর উপজেলার নন্দিরবাজার এলাকার তৌহিদ ও তানজিলের মধ্যে ছত্রখিল এলাকার একটি জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে শামীম, তার বন্ধু কাউছার, হেলাল উদ্দিনসহ কয়েকজন গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
নিহত কাউছারের বন্ধু হেলাল উদ্দিন জানান, ওই জমি নিয়ে চলমান বিরোধ মিমাংসার জন্য আমাদেরকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছিল। তার ভাষ্য, আমরা শান্তির লক্ষ্যে সরল বিশ্বাসে সেখানে যাওয়ার পর পরিকল্পিতভাবে তৌহিদের নেতৃত্বে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা কাউছারকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে আশঙ্কাজনক অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালক মো. মাছুম মিয়াকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, যুবদলকর্মী কাউছার হত্যাকাণ্ডের খবর পেয়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষুব্দ লোকজন নন্দিরবাজার এলাকায় তৌহিদের বাড়িতে গিয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে।