
সাতক্ষীরার তালায় মাছের ঘেরে মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ মন্ডল উপজেলার তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও একজন পেশাদার ঘের ব্যবসায়ী ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরি সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটক করার পরপরই স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জনের একদল লোক তাকে জেয়ালা শ্মশান ঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে একটি গাছে বেঁধে রাতভর বর্বর নির্যাতন চালানো হয়। নির্যাতনকারীরা তার হাত-পা ভেঙে দেয়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং এমনকি চোখ উপড়ে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা। শুক্রবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ ও বিচার দাবি করে নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। একজন স্বাধীন ঘের ব্যবসায়ীকে কেবল চুরির মিথ্যা অপবাদ দিয়ে রাতভর গাছে বেঁধে এভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হলো? আমরা এই নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, মাছ চুরির অপবাদে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন,এ ঘটনায় জড়িত অভিযুক্তদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তার করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।