
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পর্শে এলিজা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত এলিজা ওই গ্রামের বাবুল হোসেনের মেয়ে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার ছিঁড়ে গেলে এলিজা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাড়িতে মিস্ত্রির কাজ করতে আসা লোকজন তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তাঁকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।