
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে আকরাম সরকারকে (২১) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত যুবক ওই গ্রামের রহিম সরকারের ছেলে। এ ঘটনায় মারুফ বিন হাবিবকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, শুক্রবার বিকালে বাড়ি থেকে স্থানীয় এক ব্যক্তি আকরামকে ডেকে নিয়ে যায় এবং সন্ধ্যায় তাকে গয়হাট্টা এলাকায় কুপিয়ে হত্যা করে দূর্বত্তরা। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং ওই রাতেই এলাকায় অভিযান চালিয়ে মারুফ বিন হাবিবকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে নিহতের লাশ সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ইতোমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ মামলার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।