
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দশাল গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার উত্তর দশাল এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আবুল কাশেম, বিএনপি নেতা মিরাজ আলী, নাজিম উদ্দিন, আলাল উদ্দিন ও আব্দুল মজিদ, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া এবং স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠকে মাদকদ্রব্যের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।