
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর গ্রামে দীর্ঘদিন ধরে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে গোষ্ঠীগত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই দিন আগে রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ভূঁইয়া জানান, সংঘর্ষে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে কেউ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, একজন গুরুত্ব আহত রোগী ছিলেন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।