ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ পেতে সুযোগ বাড়বে বাংলাদেশের।

সোমবার (১৬ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, এখন থেকে বাংলাদেশে বাস্তবায়িত প্রকল্পগুলো ডিএফসির অর্থায়নের জন্য বিবেচিত হতে পারবে। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করে বাংলাদেশের বড় অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে সহায়তা করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ডিএফসির ভাষ্য অনুযায়ী, অর্থায়নের পাশাপাশি ঝুঁকি কমানোর বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় গুরুত্বপূর্ণ বিনিয়োগের ঘাটতি পূরণ সহজ হবে। যেসব প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা বা সম্ভাব্য ঝুঁকির কারণে এত দিন বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায়নি, সেগুলোও বাস্তবায়নের সুযোগ পেতে পারে।

এসব বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা বলেছে সংস্থাটি। তাদের মতে, বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় এবং উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের বাধা ও বিনিয়োগঝুঁকি কাটিয়ে উঠতে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব।’

বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে আমাদের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’

বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ফলে এ অঞ্চল যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ডিএফসি জানিয়েছে, মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে বেসরকারি পুঁজি কাজে লাগানোর পাশাপাশি এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে সংস্থাটি কাজ করছে।

আবা/এসআর/২৬

যুক্তরাষ্ট্র,ডিএফসি,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত