ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

লংগদুতে বেকারিকে জরিমানা

লংগদুতে বেকারিকে জরিমানা

রাঙামাটির লংগদু উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে 'আলম বেকারি'কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী বেকারির মালিক রাশেদুল আলমকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে ভেজাল ও নিম্নমানের খাবার তৈরি করে আসছে বেকারিটি। বিষয়টি নিয়ে মাইনীমুখ বাজার কমিটির সভাপতি কাসেম মেম্বার জানান, আলম বেকারি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছে। এর আগেও উপজেলা নির্বাহী অফিসার তাদের জরিমানা ও সতর্ক করেছিলেন। কিন্তু প্রশাসনের নির্দেশনার কোনো তোয়াক্কা না করে তারা এসব খাবার তৈরি করে পুরো উপজেলায় সরবরাহ করছে, যা খেয়ে সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন বলেন, আলম বেকারি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বেকারিটির পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ ছাড়পত্র নেই। লক্ষাধিক মানুষের প্রধান এই বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও ক্রেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত