
ঝিনাইদহের শৈলকুপার হাটবাজারগুলোতে নতুন আমন ধান উঠতে শুরু করেছে। তবে বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের মুখে হাসি নেই। উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা। শৈলকুপার রয়ড়া, ভাটই, গাড়াগঞ্জ, খুলুমবাড়িয়া, কাতলাগাড়ি, শিতালি, ধাওড়া, হাট ফাজিলপুর ও লাঙ্গলবাঁধসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। হাট ফাজিলপুরের কৃষক রমিজ উদ্দিন জানান, প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হচ্ছে। অথচ জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘায় খরচ হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকারও বেশি। বর্তমান বাজারদরে ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে তেমন লাভ থাকছে না। লাঙ্গলবাঁধ বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক জহির আহমেদ বলেন, "সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হলে তারা লাভবান হবেন। আমি প্রতি মণ ধান ১ হাজার ১৩০ টাকা দরে বিক্রি করেছি।"