ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন

৮০ বছরের অপেক্ষার অবসান
ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন

প্রায় ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি রেল যোগাযোগের আওতায় এলো পাবনা। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ঢাকা-পাবনা-ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচল। 'পাবনা প্রভাতী এক্সপ্রেস' ও 'পাবনা গোধূলি এক্সপ্রেস' নামে দুটি ট্রেনের উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হলো পাবনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। উদ্বোধনী দিনে ৬২৪ জন টিকিটধারী যাত্রী নিয়ে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ট্রেন।

এ উপলক্ষে পাবনা রেলওয়ে ষ্ট্রেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, পাবনার উন্নয়নে রেলপথ, নৌপথ, সড়কপথ ও সেতু বিভাগ মিলিয়ে প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। এসব দাবি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। পাবনা পুরোনো জেলা হলেও দীর্ঘদিন কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা পায়নি। পর্যায়ক্রমে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রেল যোগাযোগ চালুর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ রয়েছে। আধুনিক রেলসেবার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। রেলওয়ের বহরে নতুন ২০০টি ক্যারেজ যুক্ত হচ্ছে। পাশাপাশি লোকোমোটিভ ও আরও ৪০০টি ক্যারেজ আমদানির উদ্যোগ রয়েছে। পুরোনো রেললাইন প্রতিস্থাপন করে রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। নতুন করে আরও ১০টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ঢাকার আশপাশে কর্মজীবী মানুষের যাতায়াত সহজ করতে কমিউটার ট্রেন চালু করা হবে। একই সঙ্গে দ্রুত ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতুর ওয়াই-টাইপ সেতুর কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেতু নির্মাণে বিদেশি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ রয়েছে। রাষ্ট্র ও জনগণের উন্নয়নই বর্তমান সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ফিতা কেটে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী। এ সময় পাবনাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের প্রত্যাশিত রেল যোগাযোগ চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত যাত্রী ও স্থানীয়রা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দুর্নাম নিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। আবার ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের কঠোর হস্তে দমন করা হবে। বর্তমান সরকারের উন্নয়ন দেখে দুর্নীতিবাজ ফ্যাসিস্টরা দিশেহারা হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান এবং পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ ছাড়া বক্তব্য দেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, ভারতীয় রেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক দীপক ত্রিপাঠিসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্র জানায়, ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল করবে ট্রেন দুটি। 'পাবনা গোধূলি এক্সপ্রেস' ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকাল ৩টা ২৫ মিনিটে এবং 'পাবনা প্রভাতী এক্সপ্রেস' পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।

দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় পাবনাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিলেও এখন তাদের প্রত্যাশা, শুধু ট্রেন চালু নয়, সময়নিষ্ঠ ও নিরাপদ সেবা নিশ্চিত করার পাশাপাশি রেল যোগাযোগের পরিধি আরও বাড়ানো হবে। সেই সঙ্গে মন্ত্রীর ঘোষিত বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দেখতে চান স্থানীয়রা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত