ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে সহযোগিতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম লেঞ্জাপাড়ার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী রুমী আক্তার। স্বপ্ন তার পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, এগিয়ে যাওয়ার। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতা সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আসন্ন এসএসসি পরীক্ষার ফি ও বেতন পরিশোধের সামর্থ্য না থাকায় দুশ্চিন্তায় পড়েছিল রুমী ও তার পরিবার। ঠিক এমন সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন ফ্রান্স প্রবাসী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার।

রুমী আক্তার শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার প্রয়াত বাবা সাবু মিয়া। পরিবারের আর্থিক সংকটের কারণে পরীক্ষার ফি ও বেতন পরিশোধ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে বিষয়টি নজরে আসে সমাজসেবক ফরহাদ আহমেদের। তিনি রুমীর অসহায়ত্বের কথা মুঠোফোনে জানান ফ্রান্স প্রবাসী বদরুল আলম তালুকদারকে। শিক্ষাজীবন যেন অর্থাভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিবেচনায় রুমীর পরীক্ষার ফি ও বেতন বাবদ পাঁচ হাজার টাকা উপহার পাঠান তিনি।

গতকাল বৃহস্পতিবার বদরুল আলম তালুকদারের পক্ষ থেকে তার বন্ধু সমাজসেবক নুর আলম রুমী আক্তারের বাড়িতে গিয়ে তার হাতে পাঁচ হাজার টাকার উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ফরহাদ আহমেদ। উপহারের অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত রুমী আক্তার জানায়, এই সহায়তা তার জন্য অনেক বড় উপকার হয়েছে। পরীক্ষার ফি ও বেতন নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তা অনেকটাই দূর হয়েছে। এ জন্য সে ফ্রান্স প্রবাসী বদরুল আলম তালুকদারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে মনোযোগ দিয়ে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করে সে। সমাজসেবক ফরহাদ আহমেদ বলেন, ুরুমী আক্তারের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। অর্থাভাবে তার এসএসসি পরীক্ষার ফি ও বেতন পরিশোধ করা কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানার পর মুঠোফোনে বদরুল আলম তালুকদারের কাছে সহযোগিতার আহ্বান জানাই। তিনি আন্তরিকতার সঙ্গে সেই আহ্বানে সাড়া দিয়ে পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন। তার এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফ্রান্স প্রবাসী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের মানুষের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। বিশেষ করে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায়, সেটি আমাদের সবার বিবেচনায় রাখা উচিত। রুমী আক্তারের শিক্ষাগ্রহণের পথে সামান্য সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করছি।পাঁচ হাজার টাকা হয়তো কারও কাছে সামান্য অর্থ, কিন্তু অসচ্ছল পরিবারের একজন শিক্ষার্থীর কাছে এটি হতে পারে স্বপ্ন বাঁচিয়ে রাখার অবলম্বন। রুমী আক্তারের পাশে দাঁড়িয়ে বদরুল আলম তালুকদার শুধু আর্থিক সহায়তাই করেননি, বরং তার শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার পথেও জুগিয়েছেন সাহস ও প্রেরণা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত