
যশোরের কেশবপুরে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে। সময়ের বড় একটি অংশ তারা ব্যয় করছে মোবাইল ফোনে গেম খেলা, ফেসবুক, ইউটিউব, টিকটক ও বিভিন্ন অনলাইনে জুয়া খেলার পেছনে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সময়ের অপচয়, খেলাধুলার প্রতি অনীহা এবং সামাজিক যোগাযোগ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও সচেতন মহলে। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৫৮টি প্রাথমিক, ২টি কলেজিয়েটসহ ৭৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৫২টি মাদ্রাসা ও ১২টি কলেজ রয়েছে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে- ২১৭৬৫ জন, কলেজিয়েটসহ মাধ্যমিক বিদ্যালয়ে- ১৬১০৭ জন, মাদ্রাসায়- ১৪৫৬৪ জন ও কলেজে- ৫৪৫৩ জন শিক্ষার্থী পড়াশোনা করে। অভিভাবকদের অভিযোগ, অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফিরে কিংবা রাতের বেলায় দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করছে। কেউ কেউ পড়ার কথা বলে হাতে মোবাইল নিলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেম ও জুয়ায় ব্যস্ত হয়ে পড়ে। ফলে নিয়মিত পড়াশোনা, সময়মতো ঘুম এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর অভ্যাস ব্যাহত হচ্ছে।
বেশিরভাগ ছেলে শিক্ষার্থীরা চায়ের দোকান, বিভিন্ন সড়কের পাশে বসে অধিক রাত পর্যন্ত মোবাইল ব্যবহার করে থাকে। সম্প্রতি কেশবপুর থানা পুলিশ মোবাইলে গেম খেলার অভিযোগে মধুসড়কের মজিদপুর শিশুতলা ব্রিজের ওপর থেকে ৪ শিক্ষার্থীকে আটক করে। পরে মুচলিকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেন গুপ্ত জানান, তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষার ফি, মাসিক বেতন দিতে পারে না। অথচ তারা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। কিন্তু বিদ্যালয়ে ফোন ব্যবহারের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে দায়ী অভিভাবক। কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের ক্লাসে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার পত্র মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পেয়েছি। আমি পত্রের নির্দেশনা নোটিশের মাধ্যমে শ্রেণিকক্ষে জানিয়ে দিয়েছি। বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের কাছ থেকে হঠাৎ করে মোবাইল ফোন কেড়ে না নিয়ে তাদের এর সঠিক ব্যবহার শেখাতে হবে। পড়াশোনা, বিনোদন ও ঘুমের সময় নির্ধারণ করে দেয়া এবং বয়স উপযোগী অনলাইন কনটেন্ট ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে। একই সঙ্গে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর রাখা প্রয়োজন। উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন চায়ের দোকানে বসে মোবাইল ফোনে গেম খেলা, ফেসবুক, ইউটিউব, টিকটক ও বিভিন্ন অনলাইনে জুয়া খেলার পেছনে। আমি এরইমধ্যে আমার পরিষদের গ্রাম পুলিশদের নির্দেশনা দিয়েছি। তবে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।
এ বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ বলেন, শ্রেণিকক্ষে কোনো শিক্ষক মোবাইল ব্যবহার করতে পারবে না মর্মে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অফিসিয়াল পত্র দেওয়া হয়েছে। অভিভাবকরা সচেতন না হলে কোনোভাবেই শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমানো সম্ভব নয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এরইমধ্যে উপজেলার বিভিন্ন চায়ের দোকানে অভিযান চালানো হয়েছে, একই সঙ্গে চায়ের দোকানদারদের সতর্ক করা হয়েছে। কোনো শিক্ষার্থী যে চায়ের দোকানে বসে মোবাইল ফোনে অপরাধমূলক কর্মকাণ্ড করবে, খবর পেলে ওই চায়ের দোকানদারকেও গ্রেপ্তার করা হবে। সেইসঙ্গে অভিভাবকদের সচেতন হতে হবে।