ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না

বললেন সমাজকল্যাণ মন্ত্রী
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাশের রাজনীতিতে বিশ্বাস করে না, যে পলাতক যে স্বৈরাচারী উনি বিশ্বাস করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছে, জনগণের ভালোবাসা নিয়ে সকল অন্যায়, অবিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে। গতকাল মঙ্গলবার, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কারা আগুন সন্ত্রাস করছে, কারা এমপির বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, ওরা কারা লাশের রাজনীতি করে? ইতিহাস বলে। হাসপাতালে আগুন দেন, ধর্মীয় প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেন-এই আগুনের ইতিহাস হচ্ছে ওই যে নিষিদ্ধ ঘোষিত যে দল, তাদের ইতিহাস। তারা ৭২ সন থেকে এই কাজ করে আসছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করেছে। প্রায় ৩০ হাজারের অধিক মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করেছে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, তারা আবারও (আওয়ামী লীগ) সেই পুরনো কায়দায় গায়ের জোরে একদম কর্তৃত্ববাদী এই শাসন ব্যবস্থা শুধু নয়, নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে।

জনগণ কিন্তু মুখিয়ে আছে- ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণ যেমন জবাব দিয়েছে, ইনশাআল্লাহ এদেশের মানুষ জানে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে ধরে রাখতে হয়, দেশের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুন্ন রাখতে হয়। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি এদেশের সিদ্ধান্ত নিতে অতীতে কোনোদিন ভুল করেনি। মন্ত্রী বলেন, আগামী দিনে যারা দিবা স্বপ্ন দেখছে, যারা আসামি হয়ে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকান্ড করছে তাদেরকে কীভাবে রুখে দিতে হয় এদেশের মানুষ জানে।

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত