
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা জামায়াতের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ ও মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর অধ্যাপক গোলাম কবির এবং পৌরসভা আমীর অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও লুটপাট চালানো হচ্ছে, যা দমনে সরকার ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ শেষে পৌর পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।