
কুমিল্লায় অপহরণের দেড় মাসেও সিঙ্গাপুর প্রবাসীর একমাত্র সন্তান অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিরাও গ্রেফতার হয়নি। এতে অপহৃত স্কুলছাত্রীর বাবা-মা ও স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
মামলার অভিযোগে জানা গেছে, চান্দিনা উপজেলার ছাতাড্ডা গ্রামের রেদোয়ান আহম্মেদ রিপনের ছেলে রনি (২১) বেশ কিছুদিন ধরে স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে (১৪ বছর ৮ মাস) নানাভাবে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় রিপন তাকে অপহরণের হুমকি দেয়। এ ঘটনা জানার পর ছাত্রীর মা বিষয়টি রিপনের অভিভাবকদের জানালেও কোনো প্রতিকার পায়নি। এরই মধ্যে গত ৮ অক্টোবর সকাল ৯টায় ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে রিপন ও তার লোকজন ছাত্রীকে টানা-হেচড়া করতে থাকে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে দেখে রিপন ও তার লোকজন জোরপূর্বক তাকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে অপহৃত ছাত্রীর মা সাংবাদিকদের বলেন, মেয়েকে অপহরণের ঘটনায় চান্দিনা থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে নিরুপায় হয়ে ১১ অক্টোবর রিপনসহ ৬ জনকে আসামি করে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলার আবেদন করি। আদালত মামলাটি আমলে নিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দেন। কিন্তু পিবিআই ভিকটিমকে উদ্ধার না করে তদন্তে গাফিলতি শুরু করে। এ বিষয়ে আদালতে আবেদন করা হলে আদালতের নির্দেশে ঘটনার এক মাস পর গত ১৪ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা রেকর্ড করা হয়। মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দেড় মাস কেটে গেলেও মেয়ে উদ্ধার হয়নি। এখন সে কোথায় আছে, কীভাবে আছে তাও জানি না। মেয়েকে উদ্ধারের জন্য তিনি আইনপ্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপের দাবি জানান।
ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সে ৮ম শ্রেণির নিয়মিত একজন মেধাবী ছাত্রী। গত ৮ অক্টোবর থেকে সে বিদ্যালয়ে আসে না। তাকে অপহরণ করা হয়েছে বলে জেনেছি। তিনি ওই ছাত্রীকে উদ্ধারের বিষয়ে পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার এসআই প্রদীপ চক্রবর্তী বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করছি। ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।