ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে আলু নিয়ে বিপাকে কৃষক

মুন্সীগঞ্জে আলু নিয়ে বিপাকে কৃষক

মুন্সীগঞ্জকে বলা হয় দেশের আলুর রাজধানী, সেই মুন্সীগঞ্জেই এখন আলু নিয়ে চরম বিপাকে কৃষক ব্যবসায়ীরা ও হিমাগার মালিকরা। এ বছর ফলন ভালো হয়েছে ঠিকই, কিন্তু বাজারে দাম নেই। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। প্রতি কেজি আলুতে ১৩ থেকে ১৪ টাকা আর প্রতি বস্তায় ৮০০ টাকার অধিক লোকসান গুণতে হচ্ছে তাদের। তার ওপর আগামী ১ ডিসেম্বর হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা শেষ। এর আগেই হিমাগারের আলু সরিয়ে ফেলতে হবে। কিন্তু এত আলু যাবে কোথায়, তা ভেবে দিশেহারা কৃষক। কৃষি বিভাগের তথ্যমতে মুন্সীগঞ্জের হিমাগারে এখনও ১ লাখ ৬৬ হাজার টন আলু রয়েছে। মৌসুমের শুরুতে জেলার হিমাগারগুলোতে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন আলু মজুদ ছিল। গত ২০ নভেম্বর পর্যন্ত এখনও রয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২৪ মেট্রিক টন আলু। এর মধ্যে বীজ আলু ৬৮ হাজার ৯১২ মেট্রিক টন এবং খাবার আলু ৯৭ হাজার ৫১২ মেট্রিক টন। শুধু এই খাবার আলুতেই সম্ভাব্য লোকসানের পরিমাণ দাঁড়াবে ১২৬ কোটি ৭৭ লাখ থেকে ১৩৬ কোটি ৫২ লাখ টাকা। আলু ব্যাবসায়ীরা বলেন, মৌসুমের শুরুতে প্রতি বস্তা আলু ১১০০ টাকা দরে কিনেছিলাম। হিমাগার ভাড়া ৩০০ টাকা মিলে বস্তাপ্রতি খরচ হয় ১৪০০ টাকা। অথচ সেই আলু এখন বিক্রি করছি ৪৫০-৫৫০ টাকায়। বস্তাপ্রতি ৮০০ টাকার বেশি লোকসান হচ্ছে।

কৃষকদের হিসাব মতে আলু উৎপাদন হিমাগার ভাড়াসহ খরচ ২৭ টাকা, বিক্রি হচ্চে ১০-১২ টাকা। খুচরা বাজারে একই আলুর দাম ১৮ থেকে ২০ টাকা। তবে কৃষকরা পাইকারদের কাছে বিক্রি করায় খুচরা বাজারের বাড়তি দামের কোনো সুবিধা পাচ্ছেন না।

কৃষকদের হিসাবে, প্রতি কেজি আলু উৎপাদনেই খরচ হয়েছে ১৬ থেকে ১৮ টাকা এর সঙ্গে পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগার ভাড়া যোগ করলে খরচ দাঁড়ায় ২৬ থেকে ২৭ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। ঋণের বোঝায় দিশেহারা কৃষকগত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কেউ কেউ গবাদিপশু ও জমিজমা বন্ধক রেখেও বিনিয়োগ করেন। কিন্তু টানা দ্বিতীয়বারের মতো লোকসান হওয়ায় এখন পথে বসার উপক্রম হয়েছে। কৃষক জুয়েল তালুকদার বলেন, আমাদের আলুর দাম নেই। অথচ বীজ আলুর দাম আকাশ ছোয়া । ব্রাক, বিএডিসি, এসিআই বীজ আলু প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি করছে। বিদেশ হতে আমদানীকৃত বাক্রের ৫০ কেজি আলু বিক্রি হচ্ছে ১২ হাজার ৫০০ টাকায় আর আমরা হিমাগারে আলু বিক্রি করতে পারছিনা। নুর ও সানোয়ারা কোল্ড স্টোরের ম্যানেজার আ. ছাত্তার বলেন, আমাদের হিমাগারে এ বছর ৪ লাখ ৪০ হাজার বস্তা আলু রেখেছিলাম। এখনও তিন ভাগের এক ভাগ আলু হিমাগারে রয়ে গেছে। এ সমস্ত আলু নিয়ে কৃষকদের থেকে আমরা আরও বেশি বিপাকে আছি। যখন কৃষকরা হিমাগারে আলু রাখছে তখন আমরা কৃষকদের আলু রাখার শর্তে প্রতি বস্তা বাবদ দুইশো-তিনশো টাকা করে লোন দিয়েছি। লোন ২০০ টাকা আমাদের হিমাগার ভাড়া ৩০০ টাকা যারা ঋণ নিয়েছে তাদের কাছে এখোন আমরা বস্তা প্রতি পাওনা ৫০০টাকা। অথচ এখন আলু বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকা। তাই কৃসক আলু নিতে হিমাগারে আসছে না। এখনও প্রচুর আলু হিমাগারে থাকায় হিমাগারের কোন অংশের বিদুৎ আমরা বন্ধ করতে পারছি না ফলে প্রতি মাসে প্রচুর পরিমান বিদুৎ বিল আমাদের লোকসান দিতে হচ্ছে। বিদুৎ গ্যাসে তৈল সবকিছুর দাম বাড়ছে কিন্তু আলুর দাম নেই যার কারনে হিমাগার মালিক পক্ষ কৃষকের চেয়ে বেশি লোকসানে পরেছে। এই সমস্ত আলু যদি কৃষক শেষ পর্যন্ত না নেয় তাহলে আমাদের শ্রমিক দিয়ে বাইরে ফেলতে আরও বেশি খরচ গুনতে হবে। দেওয়ান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. ইব্রাহিম জানান, তাদের হিমাগারে সংরক্ষণ করা আলু ৩০ নভেম্বরের মধ্যে খালাস করতে বলা হয়েছে। কিন্তু যে পরিস্থিতি, ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও আলু অবিক্রিত থেকে যাবে। তিনি বলেন, বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লোকসানের পাশাপাশি চড়া বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ খরচ বহন করতে হচ্ছে।

এতে ব্যাংক ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১১ লাখ ১২ হাজার ৯৩২ মেট্রিক টন আলু। জেলায় আলু সংরক্ষণের জন্য ৭৪টি হিমাগারের মধ্যে সচল থাকা ৬০টি হিমাগারের ধারণক্ষমতা ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন। কৃষকরা জানায়, উৎপাদিত আলুর অর্ধেকেরও বেশি সংরক্ষণের বাইরে থেকে যায়। মুন্সীগঞ্জে আলু উত্তোলন শুরু করার আগেই রংপুরসহ উত্তরাঞ্চলের আলু সংরক্ষণ করে হিমাগারের ৭০ ভাগ জায়গা ভরে যায়। বাকি ৩০ ভাগ জায়গায় মুন্সীগঞ্জের কৃষকরা তাদের আলু সংরক্ষণ করতে পারেন। এই অবস্থায় বিপুল পরিমাণ আলু সংরক্ষণে হিমাগারে জায়গা না পেয়ে কৃষককুল বাড়ির মাচায় আলু সংরক্ষণ করেন। দীর্ঘদিন মাচায় রাখার কারণে এসব আলুর একটি অংশে পচন ধরায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়েছে তাদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান বলেন, বর্তমানে আলুর মূল্য কম, তাই কৃষকের লোকসান কমাতে আলু নিয়ে করণীয় বিষয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আলু উৎপাদনের খরচ কমাতে ও রপ্তানিযোগ্য আলু উৎপাদনে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত