
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সৌরশক্তিচালিত 'কুলবট কোল্ড স্টোরেজ' নির্মাণে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন 'প্রোগ্রেস' প্রকল্পের আওতায় 'সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙামাটি' শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে এই হিমাগার স্থাপন করা হচ্ছে। চুক্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্প ফোকাল অরুনেন্দু ত্রিপুরা এবং প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলকভাবে স্বল্পব্যয়ী ও আধুনিক এই সৌরশক্তিচালিত প্রযুক্তি ব্যবহারের ফলে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষক ও গ্রামবাসীরা উৎপাদিত ফলমূল, শাকসবজি এবং অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা পাবেন।