
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বর্গাচাষি কৃষক আব্দুল জলিলের তিন বিঘা (১৫০ শতাংশ) জমির পাকা ধান। সোনালি ফসল ঘরে তোলার স্বপ্ন যখন দেখছিলেন ঠিক তখনই আগুনে নিমিষেই শেষ হয়ে যায় তার পরিশ্রম ও স্বপ্ন, দিশাহারা হয়ে পড়েন ওই কৃষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াগছ গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিল ওই গ্রামের মৃত নকিব উদ্দিনের ছেলে। ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে আমন ধানের চাষ করেছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পশ্চিম পাশে ধান কেটে সড়কের পাশে স্তূপ করে রেখেছিলেন জলিল। ধান মাড়াই করে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ওই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার ফজরের নামাজের পর একই গ্রামের আনছারুল নামে এক ব্যক্তি ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে কৃষক আব্দুল জলিলকে খবর দেয়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তার তিন বিঘা জমির পাকা ধান পুড়ে ছাই হয়ে যায়। নাওয়াগছ গ্রামের বাসিন্দা আনছারুল বলেন, তিনি ওই রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় রাস্তার পাশে স্তূপ করে রাখা ধানে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে কৃষক আব্দুল জলিলকে খবর দেন। তবে কে বা কারা ধানের স্তূপে আগুন দিয়েছে, সে সময় তিনি কাউকে দেখতে পাননি। গতকাল শুক্রবার সকালে পোড়া ধানের ছাইয়ের পাশে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায় কৃষক জলিলকে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এলাকায় কারও সঙ্গে আমার কোনো বিরোধ বা শত্রুতা নেই। কে বা কারা আমার এমন সর্বনাশ করল, বুঝতে পারছি না। ধারদেনা আর ঋণ নিয়ে বর্গা জমিতে চাষ করেছিলাম। এখন সংসার কীভাবে চলবে আর ঋণের টাকাই বা কীভাবে শোধ করব, কোনো কূলকিনারা পাচ্ছি না। নাওয়াগছ গ্রামের বাসিন্দা আবু হোসেন বলেন, আব্দুল জলিল অত্যন্ত দরিদ্র ও অসহায় একজন মানুষ। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি অন্যের জমি আধি-ঠিকা নিয়ে চাষাবাদ করে সংসার চালানোর চেষ্টা করেন। এমন একজন অসহায় কৃষকের পাকা ধানে আগুন দিয়ে তার সর্বনাশ করা কোনোভাবেই কাম্য নয়। যিনি বা যারা এ অমানবিক কাজটি করেছেন, তাদের এমনটি করা উচিত হয়নি। তিনি ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিলের পাশে দাঁড়াতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানান। তার মতে, সরকারিভাবে আর্থিক বা কৃষি সহায়তা পেলে অসহায় কৃষক জলিল কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান বলেন, কৃষক আব্দুল জলিল ধান মাড়াইয়ের প্রস্তুতি হিসেবে রাস্তার পাশে তার পাকা ধান স্তূপ করে রেখেছিলেন। কিন্তু রাতের আঁধারে কে বা কারা তার ধানে আগুন লাগিয়ে এমন অমানবিক ঘটনা ঘটিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, 'জলিল এই ধান ঘরে তুলেই তার ধারদেনা পরিশোধ করতেন এবং পরিবারের আগামী এক বছরের খাদ্যের সংস্থান করতেন। কিন্তু দুর্বৃত্তদের আগুনে মুহূর্তেই তার সব আশা-স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিলের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকের ধানের স্তূপ পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক ও বেদনাদায়ক। একজন কৃষক অনেক পরিশ্রম ও কষ্টের বিনিময়ে ফসল উৎপাদন করেন। তার সেই পরিশ্রমের ফসলে আগুন দিয়ে নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, পরবর্তী মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো প্রণোদনা বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিলকে সেই প্রণোদনার আওতায় এনে সহযোগিতা করার চেষ্টা করা হবে।
তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, তার দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তাকে বিষয়টি অবহিত করেছেন। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষককে কীভাবে সহযোগিতা করা যায়, এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলবেন। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান বলেন, ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) দিলিপ কুমারকে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার বিষয়টি অবহিত করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।