
বড় ছেলে আশিক আহমেদ থাকেন সৌদি আরবে। ছোট ছেলে সাগর আহমেদকেও কিছুদিন পর প্রবাসে পাঠানোর স্বপ্ন দেখেছিলেন বাবা সবুজ আহমেদ। ভেবেছিলেন, দুই ছেলেই বিদেশে গিয়ে নিজেদের ভাগ্য গড়বে, পরিবারের মুখে হাসি ফোটাবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিদেশের মাটিতে ছেলেকে পাঠানোর আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল ছোট ছেলে সাগরের জীবনপ্রদীপ। যে ছেলেকে ঘিরে ছিল কত স্বপ্ন, কত পরিকল্পনা, সেই ছেলের নিথর দেহের পাশে দাঁড়িয়ে এখন শুধু বুকফাটা আর্তনাদ বাবার। গতকাল শুক্রবার ছেলের জানাজা শেষে কান্নায় ভেঙে পড়েন বাবা সবুজ আহমেদ। হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছেলের ভবিষ্যৎ নিয়ে নিজের স্বপ্নের কথা বলতে থাকেন তিনি। বাবার এমন আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। তার কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীও। সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কোনো সান্ত্বনাই যেন বাবার বুকের হাহাকার কমাতে পারছিল না। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা ইউনিয়নের পাগলা মোড় এলাকায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান সাগর আহমেদ (১৮)। এ ঘটনায় কবির হোসেন (১৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত সাগর কিশোরগঞ্জ জেলার বাসিন্দা স্বর্ণকার সবুজ আহমেদের ছেলে। ব্যবসার সুবাদে সবুজ আহমেদ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সখীপুর উপজেলার কালিয়া বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাগর ও কবির মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে পাগলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাগর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা কবির হোসেন।
স্থানীয় ইউ?পি চেয়ারম?্যান জামাল হো?সেন ব?লেন, তার মৃত্যুতে পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কোনো দিন পূরণ হওয়ার নয়। বাবার স্বপ্ন ছিল, একদিন ছোট ছেলেও বড় ভাইয়ের মতো প্রবাসে গিয়ে পরিবারের হাল ধরবে। অথচ প্রবাসের স্বপ্ন দেখার আগেই চিরবিদায় নিতে হলো সাগরকে। এখন বিদেশে থাকা বড় ছেলের পাশাপাশি ছোট ছেলেকে ঘিরে দেখা সেই স্বপ্নও বাবার কাছে শুধুই এক বুক হাহাকার হয়ে রইল। সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জানাজা শেষে পারিবারিকভাবে সাগরের দাফন সম্পন্ন হয়।