ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ত্রিশালে অভিযান শেষ না হতেই ফুটপাত ফের হকারদের দখলে

ত্রিশালে অভিযান শেষ না হতেই ফুটপাত ফের হকারদের দখলে

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান পরিচালনা করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। অভিযান চলাকালে দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হলেও অভিযান শেষ হতে না হতেই আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করছেন একশ্রেণির ব্যবসায়ী। ত্রিশাল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল স্থানগুলোর ফুটপাতের বড় একটি অংশ দখল করে রেখেছেন দোকানদার ও ভাসমান ব্যবসায়ীরা। কেউ ফুটপাতের ওপর পসরা সাজিয়ে বসেছেন, কেউ রেখেছেন বিভিন্ন পণ্যসামগ্রী। আবার কোথাও গড়ে উঠেছে অস্থায়ী দোকান ও নানা ধরনের স্থাপনা। এতে ব্যাহত হচ্ছে পথচারীদের স্বাভাবিক চলাচল। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি। ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে অনেক পথচারীকে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখল সরানো হলেও তা বেশিদিন কার্যকর থাকছে না। অভিযান চলাকালে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিলেও অভিযান শেষ হওয়ার পরপরই আবার আগের জায়গায় ফিরে আসছেন। ফলে সাধারণ মানুষ ফুটপাত ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান বলেন, আমি প্রতিদিন এই সড়কগুলো দিয়ে যাতায়াতের সময় আনসার সদস্যদের মাধ্যমে ফুটপাত ফাঁকা করার ব্যবস্থা করি। কিন্তু পরদিন আবারও আগের মতো দখল দেখতে পাই। কিছুদিন পরপর ফুটপাত উচ্ছেদে অভিযান পরিচালনা করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। তারপরও আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোহাম্মদ আফজালুল হক বলেন, আমার মতে, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব নয়। এর পাশাপাশি নিয়মিত তদারকি, দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় দখল ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় অভিযান পরিচালনার পরও পরিস্থিতির স্থায়ী পরিবর্তন আসবে না।পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাতের অবৈধ দখল স্থায়ীভাবে উচ্ছেদ, নিয়মিত নজরদারি এবং পুনর্দখল রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত