
কুষ্টিয়ার সদর উপজেলায় ব্যাডমিন্টনের র্যাকেট দেখানোর প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনায় গুরুতর আহত শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, শিশুটির পায়ুপথে আঘাতের চিহ্ন রয়েছে। গত বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ইবি থানার অন্তর্গত কীর্তিনগর গ্রামের স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলী (১৯) ওই এলাকার মাছুদের ছেলে। ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে বাইসাইকেল নিয়ে ঘুরছিল শিশুটি। এ সময় প্রতিবেশী আলী তাকে নতুন ব্যাডমিন্টনের র্যাকেট দেখানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার সময় তার মুখে গামছা গুঁজে হাত-পা বেঁধে রাখা হয়। নির্যাতনের একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত তাকে বাড়িতে পৌঁছে দেন। শিশুটির মাকে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তিনি। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় পরিবারের কাছে ঘটনার কথা জানায়। পরিবারের দাবি, অভিযুক্ত ও তার স্বজনেরা প্রভাবশালী হওয়ায় প্রথমে স্থানীয়ভাবে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিশুর মা রুমানা খাতুন বলেন, র্যাকেট দেখানোর কথা বলে আমার ছেলেকে আলী তার বাড়িতে নিয়ে যায়। কাউকে জানালে আমার ছেলেকে ও আমাদের হত্যা করার হুমকি দিয়েছে। ছেলে বাড়িতে এসে সব ঘটনা আমাকে জানায়। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগী শিশুটিও জানিয়েছে, তার মুখে গামছা গুঁজে হাত-পা বেঁধে বলাৎকার করা হয়েছে।