
ঢাকার দোহারে নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাত পর্যন্ত তীব্র শব্দে মাইক ও সাউন্ড বক্স চালানোর অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। বর্তমানে দোহারে অধিকাংশ স্কুলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
এটি শিক্ষার্থীদের সারা বছরের পড়াশোনার ফলাফল নির্ধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, দোহারে রাত গভীর হলেও বিভিন্ন এলাকায় বিয়ে,বয়াতী গান , ওরোশ, ওয়াজ মাহফিল ও নানা অনুষ্ঠানের নামে উচ্চ শব্দে মাইকে, সাউন্ড বক্সে, ডিজে গান বাজানো হচ্ছে। এই তীব্র শব্দদূষণের কারণে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না এবং তাদের রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। এর ফলে পরদিন পরীক্ষার হলে গিয়ে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এছাড়াও অসুস্থ ও বয়স্ক মানুষের জন্যও এটি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায়, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী রাত ১০টার পর উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানো বন্ধে স্থানীয় প্রশাসন এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন দোহারের সাধারণ মানুষ।