
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, 'শেখ হাসিনাকে নিয়ে ভারত এক ধরনের নাটক করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার নাটকই হোক, আশ্রয়দাতা ভারত থেকে শেখ হাসিনাকে বের করে দিক; আর আমরা গিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসি— পরিস্থিতি যাই হোক না কেন, এই বাংলাদেশে শেখ হাসিনার ভবিষ্যৎ একটাই; ফাঁসির দড়িতে ঝুলে নরকে যাওয়া।'
গত শনিবার খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ ৪ দফা দাবিতে খুলনা মহানগর ও জেলা এনসিপি এবং অঙ্গসংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে। আখতার হোসেন বলেন, 'বাংলাদেশে শেখ হাসিনার আর কোনো ভবিষ্যৎ নেই। যে ১৪০০ মানুষকে তারা খুন করেছে, যে হাজার হাজার মানুষকে তারা পঙ্গু করেছে, সেই বাংলাদেশের মানুষেরা তারা অপেক্ষায় আছে, এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিচারের শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে।
এনসিপির সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাত। নগর সদস্য সচিব ডা. আব্দুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা। সংসদ সদস্য আখতার হোসেন বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেলা পর্যায়ে গণশুনানির আয়োজন করেছে। যদি আওয়ামী লীগের অপরাধগুলোকে জনসম্মুখে নিয়ে আসতে হয়, তাহলে শুধু জেলা পর্যায়ে না, দেশের উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের অপরাধের, গুম-খুন-দখলদারির গণশুনানি করতে হবে। সীমান্ত ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'সীমান্তের ওপারে বিভিন্ন সময় নানা ধরনের উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশকে দখলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তারা ভুলে যাচ্ছে, এই বাংলাদেশের জনগণ, যারা সীমান্ত পাড়ের মানুষেরা আছেন, তারা কাস্তে হাতে নিয়ে কামানের বিপরীতে, গুলির বিপরীতে দাঁড়াতে রাজি; কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি জমি অন্য কেউ এসে দখল করবে, জান থাকতে বাংলাদেশের কোনো মানুষ সেটা হতে দেবে না। বর্তমান নাশকতার সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, 'এই আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। যারা বর্তমানে বাংলাদেশে নাশকতা করছে, সহিংসতা করছে, রাষ্ট্রীয় সম্পদে তারা হামলা করছে, অগ্নিসংযোগ করছে, তারা ভিডিওধারণ করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর মতো হামলা করার পর কৃতিত্ব জাহির করার জন্য তারা নানাভাবে উল্লাস প্রকাশ করছে। সেই আওয়ামী লীগ এই বাংলাদেশে আর ফিরতে পারবে না। সমাবেশ শেষে এনসিপি নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।