
নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের সারাদেশে নাশতা ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি। গতকাল রোববার বিকালে ফেনী প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান ও মশিউর রহমান বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী ও এয়াকুব নবী ভূঁইয়া। ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। তাই ভারতের বর্ডার এর দিকে কড়া নজরদারি রাখতে হবে এবং তাদের এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।