প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৭ মে, ২০২৬
একসময় চিঠি ছিল মানুষের সবচেয়ে আপন যোগাযোগমাধ্যম। দূরের মানুষের কাছে মনের কথা পৌঁছে দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করত ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার। পরিবারের খবর, বন্ধুর অভিমান, প্রেমের আকুলতা, প্রবাসীর দীর্ঘশ্বাস কিংবা কোনো অচেনা দেশের মানুষের সঙ্গে পরিচয়ের আনন্দ, সবকিছুই বহন করত একটি খাম, একটি পোস্টকার্ড, কয়েকটি হাতে লেখা পৃষ্ঠা। আজ মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, মেসেঞ্জার ও ভিডিও কলের যুগে সেই চিঠির জগৎ অনেকটাই আড়ালে চলে গেছে। কিন্তু আড়ালে চলে যাওয়া মানেই তার প্রয়োজন শেষ হয়ে যাওয়া নয়। বরং দ্রুতগতির ডিজিটাল জীবনের ভিড়ে হাতে লেখা চিঠির মূল্য নতুনভাবে ফিরে আসছে। মানুষ আজ সংযুক্ত, কিন্তু সব সময় সম্পর্কিত নয়। হাজারো ‘লাইক’, ‘ফলো’ ও ইমোজির মধ্যেও অনেক মানুষ অনুভব করে, সম্পর্কের গভীরতা কমে যাচ্ছে। যোগাযোগ দ্রুত হচ্ছে, কিন্তু মনোযোগ কমছে। প্রতিক্রিয়া বাড়ছে, কিন্তু সংলাপ কমছে। এমন সময়ে পেন পলস্ বা চিঠিভিত্তিক বন্ধুত্বের সংস্কৃতি আবার নতুন করে ভাবার দাবি রাখে। বাংলাদেশে এই পেন পলস্ ক্লাব গড়ে তোলা আন্দোলনের অন্যতম পথিকৃৎ মাহবুব উদ্দিন চৌধুরী। স্বাধীনতার পরপরই, ১৯৭২ সালে, তিনি ইন্টারন্যাশনাল পেন পলস্ ক্লাব, বাংলাদেশ প্রতিষ্ঠা ও বিকাশের সঙ্গে যুক্ত হন। পাঁচ দশকের বেশি সময় ধরে এই উদ্যোগ বাংলাদেশে চিঠির মাধ্যমে আন্তর্জাতিক বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলার এক অনন্য ধারাকে ধরে রেখেছে। ৫৪ বছরের এই যাত্রা শুধু একটি সংগঠনের ইতিহাস নয়; এটি বাংলাদেশের নাগরিক সমাজ, যুবসম্প্রদায় ও আন্তর্জাতিক মানবিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ উত্তরাধিকার।
পত্র-মিতালী বা পেন পলস্ কী এবং কেন তা গুরুত্বপূর্ণ
পেন পলস্ বলতে সাধারণত বোঝায় পত্র-মিতালীর এমন একজন বন্ধু, যার সঙ্গে চিঠি বা পোস্টকার্ডের মাধ্যমে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে। এই বন্ধুত্ব কখনও একই দেশের ভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে হতে পারে, আবার কখনও এক দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের। পেন পলস্ সম্পর্কের মূল ভিত্তি হলো কৌতূহল, শ্রদ্ধা, মনোযোগ এবং পারস্পরিক জানাশোনা। পেন পলস্ কোনো সাধারণ যোগাযোগব্যবস্থা নয়। এটি একটি চিন্তাশীল যোগাযোগের সংস্কৃতি। এখানে মানুষ শুধু খবর পাঠায় না; নিজের জীবন, সংস্কৃতি, ভাষা, অভিজ্ঞতা, স্বপ্ন, দুঃখ, আনন্দ ও প্রশ্ন ভাগ করে নেয়। একটি চিঠি লেখার সময় মানুষ থামে, ভাবে, নিজের অনুভূতি সাজায়। ভাষা বেছে নেয়। অন্যের কথা কল্পনা করে। এই প্রক্রিয়াটি নিজেই একটি মানবিক শিক্ষা। তাৎক্ষণিক বার্তায় মানুষ দ্রুত উত্তর দেয়, অনেক সময় না ভেবেই প্রতিক্রিয়া জানায়। কিন্তু চিঠি লেখার ক্ষেত্রে ধৈর্য দরকার। অপেক্ষা দরকার। যত্ন দরকার। তাই চিঠি শুধু তথ্য বহন করে না; এটি বহন করে সময়, মনোযোগ ও আন্তরিকতা। এই কারণেই পত্র-মিতালীর মাধ্যমে সম্পর্ক অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। অনেক বন্ধুত্ব দশকের পর দশক টিকে থাকে, কখনও বাস্তব সাক্ষাতে রূপ নেয়, কখনও পরিবারে পরিবারে সম্পর্ক তৈরি করে। ১৯৭২ সালে বাংলাদেশ ছিল একটি সদ্য স্বাধীন দেশ। যুদ্ধের ধ্বংস, অর্থনৈতিক সংকট, রাষ্ট্রগঠনের চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সংগ্রামের মধ্যে দেশটি নিজের পরিচয় নির্মাণ করছিল। এমন সময়ে তরুণদের জন্য বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল সীমিত। ইন্টারনেট ছিল না, মোবাইল ফোন ছিল না, আন্তর্জাতিক যোগাযোগ ছিল ব্যয়বহুল ও কঠিন।
এই প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল পেন পলস্ ক্লাব, বাংলাদেশ ছিল এক ধরনের সামাজিক জানালা। বাংলাদেশের তরুণেরা চিঠির মাধ্যমে ভারত, জাপান, সুইডেনসহ বিশ্বের নানা দেশের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেতেন। তারা জানতেন অন্য দেশের পরিবার, শিক্ষা, সংস্কৃতি, উৎসব, ভাষা ও জীবনযাত্রা সম্পর্কে। একই সঙ্গে তারা বিদেশি বন্ধুদের কাছে তুলে ধরতেন বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধ-পরবর্তী সমাজ, সংস্কৃতি ও আশা-আকাঙ্ক্ষার কথা। রাষ্ট্রীয় কূটনীতি সাধারণত সরকার, দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু পত্র-মিতালী আন্দোলন এক ভিন্ন ধরনের কূটনীতি তৈরি করেছিল, যাকে বলা যায় গণমানুষের কূটনীতি। এখানে রাষ্ট্র নয়, মানুষ মানুষকে চেনে। এখানে নীতি-নির্ধারক নয়, সাধারণ তরুণ, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও চিঠিপ্রেমীরা সম্পর্কের সেতু গড়ে তোলেন। এই মানুষে মানুষে সম্পর্কই দীর্ঘমেয়াদে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও বন্ধুত্বের ভিত্তি তৈরি করে। মাহবুব উদ্দিন চৌধুরীর অবদান এখানেই। তিনি বুঝেছিলেন, আন্তর্জাতিক বন্ধুত্ব শুধু আনুষ্ঠানিক কূটনীতির বিষয় নয়। সাধারণ মানুষেরও বিশ্বসংযোগ দরকার। তরুণদেরও জানতে হবে, পৃথিবী কত বড়, কত বৈচিত্র্যময় এবং একই সঙ্গে কত মানবিকভাবে সংযুক্ত।
সমাজসচেতন সংগঠক হিসেবে মাহবুব উদ্দিন চৌধুরী
মাহবুব উদ্দিন চৌধুরী শুধু পেন পলস্ আন্দোলনের সঙ্গে যুক্ত একজন সংগঠক নন। তিনি দেশের ও বিদেশের নানা সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি বাংলাদেশে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনেসকো ক্লাবসের মহাসচিব হিসেবেও দায়িত্ব পলস্ করেছেন। এই প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ। কারণ তার পেন পলস্ বা পত্র-মিতালী উদ্যোগকে ব্যক্তিগত শখ হিসেবে দেখলে ভুল হবে। এটি ছিল বৃহত্তর সামাজিক চেতনার অংশ। ইউনেসকো ক্লাব, যুব সংগঠন, সাংস্কৃতিক যোগাযোগ ও আন্তর্জাতিক বন্ধুত্ব, এসব ধারার মধ্যে একটি সাধারণ সূত্র আছে: মানুষকে অজ্ঞতা, সংকীর্ণতা ও বিচ্ছিন্নতার বাইরে নিয়ে যাওয়া। পত্র-মিতালীর আন্দোলন সেই কাজটি করেছে সহজ কিন্তু গভীর পদ্ধতিতে। সদ্য স্বাধীন বাংলাদেশের তরুণদের জন্য পেন পলস্ বা পত্র-মিতালীর মত সংগঠন ছিল আত্মবিশ্বাসের জায়গা। তাঁরা বুঝতে পারতেন, বাংলাদেশ পৃথিবীর প্রান্তিক কোনো নীরব ভূখণ্ড নয়; এর মানুষের কথা বলার আছে, জানার আছে, জানানোর আছে। একটি পোস্টকার্ড বা চিঠি বাংলাদেশের এক তরুণের কণ্ঠকে বিশ্বের অন্য প্রান্তে পৌঁছে দিতে পারত। আবার দূরের কোনো দেশের কণ্ঠ এনে দিতে পারত বাংলাদেশের ঘরে।
বাস্তব সম্পর্কের খোঁজে
আজকের ডিজিটাল যুগে মাহবুব উদ্দিন চৌধুরীর ভাবনা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তিনি মনে করেন, ‘লাইক’ ও ‘ফলো’র সংস্কৃতি অনেক ক্ষেত্রে সম্পর্ককে কৃত্রিম করে তুলেছে। মানুষ অনেকের সঙ্গে যুক্ত, কিন্তু সেই সম্পর্কের কতটা সত্যিকারের? অনেক যোগাযোগই যেন প্রদর্শন, দ্রুত প্রতিক্রিয়া বা সংখ্যার খেলায় আটকে যাচ্ছে। পেন পলস্ সংস্কৃতি এই জায়গায় একটি মানবিক বিকল্প দেয়। এখানে বন্ধুত্বের শুরু হয় সময় নিয়ে। একজন মানুষ আরেকজন মানুষকে জানতে চায়। তার দেশ, পরিবার, ভাষা, পছন্দ, কষ্ট, আনন্দ, উৎসব, বই, গান, স্বপ্ন, সবকিছু জানতে চায়। এই জানার প্রক্রিয়ায় তাড়াহুড়া নেই। নেই অ্যালগরিদমের চাপ। নেই নিজেকে সাজিয়ে দেখানোর অতিরিক্ত তাগিদ। চিঠি লেখার মধ্যে শ্রম আছে। সেই শ্রম সম্পর্ককে মূল্যবান করে। একটি চিঠি লেখার আগে মানুষ ভাবে, কী লিখবে, কীভাবে লিখবে, কোন প্রশ্ন করবে, নিজের জীবনের কোন অংশ ভাগ করে নেবে। আবার চিঠির উত্তর আসার জন্য অপেক্ষা করতে হয়। এই অপেক্ষা বিরক্তির নয়, সম্পর্কের অংশ। বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পত্র-মিতালী বা কলম বন্ধুত্ব কার্যক্রম নতুনভাবে চালু করা যেতে পারে। এটি হতে পারে ভাষা শিক্ষা, নাগরিক শিক্ষা, সংস্কৃতি শিক্ষা ও সহমর্মিতা গড়ে তোলার একটি কার্যকর পদ্ধতি। শুধু আন্তর্জাতিক পেন পলস্ নয়, দেশের ভেতরেও পেন পলস্ ক্লাবের মাধ্যমে উদ্যোগ নেওয়া সম্ভব। যেমন, উপকূলের শিক্ষার্থীদের সঙ্গে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের চিঠি বিনিময় হতে পারে। চরাঞ্চলের শিশুদের সঙ্গে শহরের শিক্ষার্থীদের যোগাযোগ হতে পারে। হাওর এলাকার তরুণেরা নদী, বন্যা, শিক্ষা ও জীবিকার কথা লিখতে পারে। নগর বস্তির শিশুরা তাদের জীবনসংগ্রাম লিখতে পারে। অন্যদিকে শহুরে মধ্যবিত্ত শিক্ষার্থীরা দেশের ভেতরের বৈচিত্র্য ও অসমতা সম্পর্কে সরাসরি জানতে পারে।
এতে শুধু লেখার দক্ষতা বাড়বে না; সামাজিক বোঝাপড়াও বাড়বে। জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সংস্কৃতি, খাদ্যাভ্যাস, লোকসংগীত, উৎসব, ডিজিটাল নিরাপত্তা, নাগরিক অধিকার, এমন নানা বিষয়ে চিঠি বিনিময় হতে পারে। শিক্ষকেরা চাইলে নির্দিষ্ট পাঠক্রমের অংশ হিসেবেও এটি ব্যবহার করতে পারেন।
তরুণদের মানসিক বিকাশে চিঠির ভূমিকা:
আজকের তরুণ প্রজন্ম নানা ধরনের মানসিক চাপের মধ্যে বড় হচ্ছে। পরীক্ষা, চাকরি, সামাজিক তুলনা, অনলাইন উপস্থিতি, পারিবারিক প্রত্যাশা, ভবিষ্যৎ অনিশ্চয়তা, সব মিলিয়ে অনেকের মধ্যে একাকিত্ব ও উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম অনেক সময় এই চাপ কমায় না, বরং বাড়ায়। চিঠি লেখা মানসিকভাবে সহায়ক হতে পারে। এটি মানুষকে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ দেয়। বন্ধুকে চিঠি লিখতে গিয়ে একজন তরুণ নিজের কথা বলার ভাষা খুঁজে পায়। আবার দূরের বন্ধুর অভিজ্ঞতা পড়ে সে বুঝতে পারে, তার একার জীবনেই শুধু সমস্যা নেই। অন্য মানুষও সংগ্রাম করে, স্বপ্ন দেখে, ব্যর্থ হয়, আবার উঠে দাঁড়ায়। এভাবে পেন পলস্ সম্পর্ক মানসিক সহমর্মিতা তৈরি করতে পারে। অবশ্যই এর জন্য নিরাপদ কাঠামো দরকার, বিশেষ করে শিশু-কিশোরদের ক্ষেত্রে। কিন্তু দায়িত্বশীলভাবে পরিচালিত হলে এটি তরুণদের আবেগিক শিক্ষা ও আত্মপ্রকাশের একটি সুন্দর ক্ষেত্র হতে পারে।
প্রযুক্তির সঙ্গে চিঠির সমন্বয়
পত্র-মিতালীর সংস্কৃতি কোনভাবেই প্রযুক্তির বিরোধী নয়। বরং প্রযুক্তি ব্যবহার করে এই সংস্কৃতিকে নতুনভাবে বিস্তৃত করা যায়। অনলাইন নিবন্ধন, আগ্রহভিত্তিক সদস্য নির্বাচন, নিরাপদ যোগাযোগ কাঠামো, ডিজিটাল যাচাই, শিক্ষকদের ড্যাশবোর্ড, সংগঠনের তত্ত্বাবধান, এসবের মাধ্যমে পেন পলস্ উদ্যোগ আরও কার্যকর হতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাথমিক পরিচয় বা সমন্বয়ের কাজ করতে পারে, কিন্তু সম্পর্কের কেন্দ্রে থাকতে পারে চিঠি, পোস্টকার্ড ও মনোযোগী লেখা।
এমনকি ডিজিটাল পেন পলস্ প্ল্যাটফর্মেও বার্তা পৌঁছাতে ইচ্ছাকৃত সময় ব্যবধান রাখা যেতে পারে, যাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে চিন্তাশীল উত্তর উৎসাহিত হয়। এখানে মূল প্রশ্ন প্রযুক্তি বনাম চিঠি নয়। মূল প্রশ্ন হলো, যোগাযোগকে কীভাবে আরও মানবিক করা যায়। ডিজিটাল মাধ্যমের সুবিধা গ্রহণ করে, চিঠির মনোযোগী চরিত্র ধরে রাখাই হতে পারে নতুন পথ।
চিঠি লেখার শিল্প ও স্মৃতির শক্তি:
চিঠির আরেকটি বড় মূল্য হলো স্মৃতি। ডিজিটাল বার্তা হারিয়ে যায়, মুছে যায়, পুরোনো ফোন বদলালে অদৃশ্য হয়ে যায়, অথবা হাজারো বার্তার ভিড়ে অর্থ হারায়। কিন্তু একটি চিঠি বহু বছর ধরে রাখা যায়। পুরোনো খামে হাতের লেখা, ডাকটিকিট, ভাঁজ করা কাগজ, কখনও ছবি বা শুকনো ফুল, সবকিছু মিলে চিঠি ব্যক্তিগত ইতিহাসের অংশ হয়ে ওঠে। অনেক পরিবারে আজও পুরোনো চিঠি সংরক্ষিত আছে। সেখানে পাওয়া যায় এক সময়ের ভাষা, সম্পর্ক, সামাজিক বাস্তবতা, আবেগ ও ইতিহাস। ব্যক্তিগত চিঠি কখনও কখনও সামাজিক ইতিহাসেরও দলিল হয়ে ওঠে।
পত্র-মিতালী সম্পর্কের চিঠিগুলোও ভবিষ্যতে এক ধরনের সাংস্কৃতিক আর্কাইভ হতে পারে, যেখানে দেখা যাবে কীভাবে এক প্রজন্ম অন্য দেশ, অন্য সংস্কৃতি ও অন্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। চিঠি পাওয়ার আনন্দও আলাদা। খাম হাতে নেওয়া, ডাকটিকিট দেখা, হাতের লেখা চিনতে পারা, ধীরে ধীরে পড়া, আবার পড়া, সংরক্ষণ করা, এসবের সঙ্গে এক ধরনের গভীর আবেগ যুক্ত। ডিজিটাল বার্তা দ্রুত আসে, দ্রুত যায়। কিন্তু চিঠি এসে থাকে।
এএইচএম বজলুর রহমান
সিইও, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, ডিজিটাল গণতন্ত্র, তথ্যের অখণ্ডতা ও গণমাধ্যম উন্নয়ন নীতিবিষয়ক বিশেষজ্ঞ।