ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সাইবার অপরাধ মোকাবিলায় সমন্বিত কাঠামো জরুরি

সাইবার অপরাধ মোকাবিলায় সমন্বিত কাঠামো জরুরি

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে বদলে যাচ্ছে অপরাধের ধরনও। প্রতারণা, পরিচয় চুরি, অনলাইন হয়রানি, আর্থিক জালিয়াতি, তথ্য চুরি থেকে শুরু করে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো— বিভিন্ন ধরনের অপরাধ এখন সাইবার জগতকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে। ফলে প্রচলিত আইনশৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বিশেষায়িত সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। এই বাস্তবতায় বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় স্বতন্ত্র 'সাইবার পুলিশ ইউনিট' গঠনের নীতিগত অনুমোদন গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, প্রাথমিকভাবে বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরু হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছিলেন, পুলিশ সদর দপ্তর, ডিএমপি ও সিআইডির বিভিন্ন পর্যায়ে পরিচালিত সাইবার অপরাধ তদন্ত ও ডিজিটাল ফরেনসিক কার্যক্রমকে একটি স্থায়ী ও সমন্বিত কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগের মূল গুরুত্ব এখানেই— সাইবার অপরাধের তদন্ত, তথ্য বিশ্লেষণ ও ডিজিটাল ফরেনসিককে বিচ্ছিন্ন কার্যক্রম হিসেবে না দেখে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অধীনে আনা। তবে শুধু নতুন একটি ইউনিট গঠন করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। এর দায়িত্ব, এখতিয়ার ও অন্যান্য পুলিশ ইউনিটের সঙ্গে সমন্বয়ের বিষয়টি স্পষ্ট করতে হবে। বিশেষ করে সিআইডি, ডিএমপি ও অন্যান্য বিদ্যমান সাইবার সক্ষমতার সঙ্গে নতুন ইউনিটের সম্পর্ক কী হবে, তা পরিষ্কার হওয়া জরুরি।

একই সঙ্গে প্রয়োজন দক্ষ জনবল। প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার সায়েন্স ও ডিজিটাল ফরেনসিকে প্রশিক্ষিত কর্মকর্তাদের নিয়োগ ও ধরে রাখার পাশাপাশি নিয়মিত দেশি-বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিভাগীয় ও জেলা পর্যায়েও ধাপে ধাপে আধুনিক সাইবার ল্যাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রযুক্তি যত দ্রুত বদলায়, সাইবার অপরাধীরাও তত দ্রুত কৌশল বদলায়। তাই অবকাঠামো কেনার চেয়ে দক্ষতা, গবেষণা, তথ্য বিনিময় ও দ্রুত তদন্ত সক্ষমতাকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে নাগরিকের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা সুরক্ষার বিষয়েও সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট তাই শুধু পুলিশের নতুন একটি সাংগঠনিক কাঠামো নয়; এটি ডিজিটাল যুগের অপরাধ মোকাবিলায় রাষ্ট্রের সক্ষমতা পুনর্গঠনের একটি সুযোগ। পরিকল্পনা, সমন্বয়, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত