ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলা এআই মডেল

দরকার, নাকি আরেকটি দামি প্রকল্প?

রিয়াদ হাসনাইন
দরকার, নাকি আরেকটি দামি প্রকল্প?

সরকার আবার একটা বড় প্রযুক্তি প্রকল্পের কথা ভাবছে। এবার বাংলায় নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল। কালিয়াকৈরে জাতীয় এআই অবকাঠামো হবে, আট বিভাগে কম্পিউটিং কেন্দ্র হবে, টেলিফোন শিল্প সংস্থায় এআই যন্ত্রপাতি জোড়া লাগানো হবে। উদ্দেশ্য ভালো, তাতে সন্দেহ নেই। কিন্তু একটা পুরোনো প্রশ্ন থেকেই যায়। প্রকল্পটা যদি না চলে, টাকাটা কার পকেট থেকে গেল? তিন বছর পর কেনা যন্ত্রগুলো যদি ধুলো জমে পড়ে থাকে, জবাবটা দেবে কে? আগেওযেমন, এবারও দিনশেষে বোঝাটা পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। এখানে ব্যয়ের একটি মৌলিক প্রশ্নের উত্তর আগে দরকার। প্রকাশিত পরিকল্পনায় কালিয়াকৈরের জাতীয় কেন্দ্র, আট বিভাগের কম্পিউটিং নোড এবং টেশিসে যন্ত্র সংযোজনের কথা এসেছে; কিন্তু পূর্ণাঙ্গ প্রকল্প ব্যয়, কতটি জিপিইউ কেনা হবে, বিদ্যুৎ-চাহিদা কত, এবং বছরে পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কত টাকা লাগবে— এসবের বিস্তারিত হিসাব প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট নয়। অন্যদিকে, বাংলা ভাষা প্রযুক্তির জন্য ২০১৬-২০২৬ মেয়াদে 'বাংলা ভাষা সমৃদ্ধকরণ' প্রকল্পে সরকারি বরাদ্দ ছিল প্রায় ১৫৯ কোটি টাকা। আবার ২০২৬-২০২৯ মেয়াদে কোরীয় সহযোগিতায় আলাদা জাতীয় এআই হাব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৯২ কোটি ৬৬ লাখ টাকা। এগুলো প্রস্তাবিত জাতীয় এআই কম্পিউটিং অবকাঠামোর ব্যয় নয়; বরং একই খাতে আগে ও পাশাপাশি চলা উদ্যোগগুলোর আর্থিক পরিসর বোঝায়। তবে আসল প্রশ্ন হচ্ছে, এ মুহূর্তে বাংলাদেশের আসলে কী দরকার? শূন্য থেকে নিজেদের একটা এআই মডেল বানানো, নাকি দুনিয়ায় যা এরই মধ্যে আছে, সেটা ঠিকঠাক কাজে লাগানোর মতো লোক আর পরিবেশ তৈরি করা?

নতুন মডেল, নাকি পুরোনো মডেলের নতুন ব্যবহার : একটা জিনিস আগে পরিষ্কার করে নিই। আজকের বড় ভাষা মডেলগুলো বহু ভাষার তথ্য একসঙ্গে গিলে বড় হয়েছে। বাংলা তারা বোঝে, বাংলায় জবাবও দেয়। তবে ইংরেজিতে যতটা সাবলীল, বাংলায় ততটা নয়। আমাদের বাগধারা, শব্দের টান, সামাজিক প্রেক্ষাপট, আঞ্চলিক কথা, এসব জায়গায় তারা প্রায়ই হোঁচট খায়। সুতরাং বাংলার জন্য আলাদা করে গবেষণা দরকার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে কি প্রথম দিনেই শত শত মিলিয়ন ডলারের ভিত্তিমডেল বানানোর দৌড়ে নামতে হবে? একেবারেই না। সরকারের পরিকল্পনার ভেতরেই অবশ্য ভালো রাস্তাটা লেখা আছে। জেমা, লামা, কিউয়েনের মতো উন্মুক্ত মডেলকে বাংলা তথ্য দিয়ে আরও শেখানোর কথা বলা হয়েছে। এটাই পুরো পরিকল্পনার সবচেয়ে বাস্তব অংশ। কারণ শূন্য থেকে মডেল বানানো আর তৈরি মডেলকে বাংলার উপযোগী করা, এ দু'টো এক জিনিস নয়। প্রথমটায় লাগে বিশাল টাকা আর বছরের পর বছর; দ্বিতীয়টা একটা ভালো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বসেই করা যায়। টাকা ঢালার আগে এ ফারাকটা বোঝা জরুরি।

খরচের ফারাকটাও ছোট নয়। এক এআই-এর গবেষণায় দেখা গেছে, জিপিটি-৪ ও জেমিনি আল্ট্রার মতো বড় ভিত্তিমডেল তৈরির ব্যয়ের ৪৭ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত যেতে পারে যন্ত্রপাতি ও কম্পিউটিং অবকাঠামোর পেছনে; গবেষক ও প্রকৌশলীদের ব্যয় ২৯ থেকে ৪৯ শতাংশ, আর প্রশিক্ষণ-পর্বের বিদ্যুৎ ব্যয় ২ থেকে ৬ শতাংশ। গবেষণাটিতে ভিত্তিমডেলের প্রশিক্ষণ ব্যয় বৃদ্ধির দ্রুত প্রবণতাও দেখানো হয়েছে। তবে এ হিসাব বিশ্বের সবচেয়ে বড় মডেলগুলোর জন্য— বাংলা ভাষায় বিদ্যমান উন্মুক্ত মডেলকে পরিমার্জন করার খরচ এর সমান নয়। তাই দু'টিকে এক করে দেখলে সিদ্ধান্ত ভুল হবে।

যন্ত্র নয়, তথ্যই আসল সম্পদ : কেউ বলবেন, শেখাব কী দিয়ে, বাংলা তথ্যই তো নেই। ভুল ধারণা! তথ্য আছে, আর প্রচুর আছে। জেলা গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয়ের পুরোনো থিসিস, জাতীয় আর্কাইভ, পঞ্চাশ বছরের সংবাদপত্র, সাহিত্য, সরকারি গেজেট, সব মিলিয়ে লেখার পাহাড়। সমস্যা একটাই, এর বড় অংশ এখনও কাগজে। আমার মতে প্রথম কাজ এটাই: এগুলো স্ক্যান করা, পুরোনো ছাপা অক্ষর যন্ত্রে পাঠযোগ্য করা, আর একটা জাতীয় বাংলা তথ্যভান্ডার দাঁড় করানো। এ কাজটা কিন্তু গুগল বা ওপেনএআই আমাদের হয়ে করে দেবে না। তবে তথ্যভান্ডারের বাস্তব অবস্থা নিয়ে আবেগ নয়, তথ্য দিয়ে কথা বলা দরকার। বাংলাদেশ ন্যাশনাল করপাসের সরকারি পোর্টালে ৩৬০ কোটির বেশি শব্দ, প্রায় ৩৮ কোটি বাক্য, ১ কোটি ৫৭ লাখের বেশি নথি, ৪১টি বিষয়ক্ষেত্র ও ১৮৭টি উৎসের কথা বলা হয়েছে। সেখানে হাতে যাচাই করা ব্যাকরণ-চিহ্নিত তথ্য ২০ লাখ শব্দ এবং স্বয়ংক্রিয়ভাবে তৈরি তথ্য ১ কোটি শব্দের বেশি। অর্থাৎ বাংলা তথ্য একেবারেই নেই— এ কথা ঠিক নয়। আবার এ সংখ্যাগুলোকে প্রস্তুত, পরিচ্ছন্ন ও অধিকার-নিশ্চিত প্রশিক্ষণ-তথ্য ধরে নেওয়াও ভুল। তথ্যের পুনরাবৃত্তি, উৎসের বৈচিত্র্য, কপিরাইট, বানান ও ভাষাগত মান, সময়কাল এবং আঞ্চলিক প্রতিনিধিত্ব যাচাই করতে হবে। বিশেষ করে কথ্য বাংলা ও উপভাষার জন্য আলাদা তথ্য সংগ্রহ জরুরি। তথ্যভান্ডার একবার হলে সেটা অনুসন্ধান ও পুনরুদ্ধার প্রযুক্তি দিয়ে যেকোনো তৈরি মডেলের সঙ্গে জুড়ে দেওয়া যায়। প্রতিবার পুরো মডেল নতুন করে শেখানোর দরকার পড়ে না। অবশ্য মডেলকে তথ্যের সঙ্গে জোড়া, বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া আর নতুন মডেল বানানো, তিনটে তিন রকম কাজ, খরচও তিন রকম। যন্ত্র কিনে তারপর সমস্যা খোঁজা চলবে না।

যে বাংলা এআই চেনে না : ধরুন নোয়াখালীর একজন কৃষক ফোনে কৃষি হেল্পলাইনে নিজের ভাষায় প্রশ্ন করলেন। আজকের কোনো এআই সেটা বুঝবে? সম্ভবত না। চাটগাঁইয়া, সিলেটি, রংপুরের কথ্য ভাষা, এসব কোনো মডেলেই প্রায় নেই বললেই চলে। অথচ এখানেই সবচেয়ে বড় সম্ভাবনা। কথাকে লেখায় আর লেখাকে কণ্ঠে বদলানো, আঞ্চলিক উচ্চারণ চেনা, এসব নিয়ে বড় আকারে কাজ দরকার। কৃষি, স্বাস্থ্য আর সরকারি সেবায় এআই যদি কখনও গ্রামের মানুষের কাছে পৌঁছায়, এ পথেই পৌঁছাবে, গাজীপুরের ডেটা সেন্টার দিয়ে নয়।

যা ভালো, আর যেখানে ঝুঁকি : সরকারের উদ্যোগে ভালো দিক যে নেই, তা নয়। সংবেদনশীল সরকারি তথ্য নিজেদের হাতে রাখা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা মানি। বিশ্ববিদ্যালয়ে ভালো কম্পিউটিং থাকলে আমাদের ছেলেমেয়েরা দেশে বসেই মানসম্মত গবেষণা করতে পারবে, এটাও মানি। আর এ অবকাঠামো যদি সত্যিই স্থানীয় আইটি কোম্পানি আর নতুন উদ্যোক্তাদের জন্য খুলে দেওয়া হয়, তাহলে নতুন পণ্য আর ব্যবসা আসবে। এ তিনটি কাজে আমি পুরোপুরি সরকারের পাশে। কিন্তু ঝুঁকিও ঠিক এখানেই। এআই অবকাঠামো মানে শুধু সার্ভার আর জিপিইউ কেনা নয়। তারপর আসে বিদ্যুতের বিল, শীতলীকরণ, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা আর দক্ষ লোক ধরে রাখার খরচ। আর আজ যে যন্ত্র সবচেয়ে আধুনিক, তিন বছর পর সেটা এক প্রজন্ম পেছনে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ২০২৫ সালের Energy and AI প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক ডেটা সেন্টারে মোট বিদ্যুতের গড়ে প্রায় ৬০ শতাংশ যায় সার্ভারে; শীতলীকরণে লাগে দক্ষ স্থাপনায় প্রায় ৭ শতাংশ, আর কম দক্ষ স্থাপনায় ৩০ শতাংশেরও বেশি। হিসাবটা বোঝার জন্য একটি উদাহরণ : ১ মেগাওয়াটের তথ্যপ্রযুক্তি-লোড, আর সামগ্রিক বিদ্যুৎ ব্যবহারের অনুপাত ১.৫ হলে, অবকাঠামোটির বার্ষিক বিদ্যুৎ চাহিদা দাঁড়ায় প্রায় ১ কোটি ৩১ লাখ ৪০ হাজার ইউনিট। প্রতি ইউনিট ১০ টাকা ৬৩ পয়সা ধরে— যা ২০২৬ সালের জুনে ঘোষিত খুচরা বিদ্যুতের গড় দর, কোনো নির্দিষ্ট ডেটা সেন্টারের চূড়ান্ত শিল্প-দর নয়— শুধু বিদ্যুতের বার্ষিক ব্যয়ই প্রায় ১৪ কোটি টাকা। প্রকৃত ব্যয় নির্ভর করবে সংযোগের শ্রেণি, সময়ভিত্তিক দর, শীতলীকরণ দক্ষতা ও ব্যবহারের ওপর; এর সঙ্গে যোগ হবে যন্ত্রপাতি, ব্যাকআপ, নিরাপত্তা, দক্ষ কর্মী ও নিয়মিত প্রতিস্থাপনের খরচ।

দ্বিতীয় ভয়টা আরও পুরোনো। এআই উন্নয়ন যদি শেষ পর্যন্ত দরপত্র, যন্ত্র কেনা আর পরামর্শক নিয়োগের আরেকটা প্রকল্প হয়ে দাঁড়ায়, মূল উদ্দেশ্য পথেই হারিয়ে যাবে। এ ছবি আমরা আগে দেখেছি। এ দেশে কত আইটি প্রকল্পে ভবন উঠেছে, যন্ত্র এসেছে, তারপর ব্যবহার হয়নি, টাকার জোগানও ফুরিয়ে গেছে। যে প্রযুক্তি ছয় মাসে বদলে যায়, সেখানে এ ঝুঁকি আরও বেশি। আন্তর্জাতিক উদাহরণও আমাদের জন্য শিক্ষণীয়। ভারত ২০২৪ সালে পাঁচ বছরে ১০ হাজারের বেশি জিপিইউ-ভিত্তিক কম্পিউটিং সক্ষমতা, তথ্যভান্ডার, গবেষণা, দক্ষতা ও স্টার্টআপ সহায়তাসহ সমন্বিত 'ইন্ডিয়া এআই মিশন'-এর জন্য ১০ হাজার ৩৭১ কোটি ৯২ লাখ রুপি অনুমোদন করেছে। সিঙ্গাপুরও শুধু নিজস্ব ভাষার মডেল বানানোর ঘোষণা দেয়নি; ২০২৪ সালে তারা উচ্চক্ষমতার কম্পিউটিং সুবিধার জন্য সর্বোচ্চ ৫০ কোটি সিঙ্গাপুর ডলার এবং পাঁচ বছরে এআই কম্পিউটিং, দক্ষতা ও শিল্প উন্নয়নে ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের কথা জানায়। দুই দেশের পথেই একটি বিষয় স্পষ্ট: কম্পিউটিং অবকাঠামোকে তথ্য, গবেষণা, দক্ষ জনবল ও শিল্পের সঙ্গে যুক্ত না করলে বিনিয়োগের পূর্ণ সুফল আসে না। আর তৃতীয় কথাটা একটু কড়া শোনালেও বলি। সরকারের কাজ বেসরকারি খাতকে সক্ষম করা, তাদের সঙ্গে ব্যবসায় নামা নয়। এআই পণ্য আর নতুন ব্যবসার বুদ্ধি উদ্যোক্তারাই বের করবে। সরকার দিক টাকা, কম্পিউটিং, ভালো তথ্য আর ঠিক নীতি। সরকারের জোর ওখানেই।

আমি হলে যা করতাম : আমি হলে প্রথমেই একটা জাতীয় বাংলা তথ্য কর্মসূচি নিতাম। যা আছে সব ডিজিটাল করতাম। তারপর উন্মুক্ত মডেলগুলোর বাংলা নির্ভুলতা, যুক্তির ক্ষমতা আর আঞ্চলিক ভাষা বোঝার দক্ষতা বাড়াতে টাকা ঢালতাম। বাছাই করা কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভালো কম্পিউটিং বসিয়ে ছাত্র, গবেষক, স্টার্টআপকে নামমাত্র খরচে ব্যবহার করতে দিতাম। জাতীয় নিরাপত্তা বা সংবেদনশীল সেবার জন্য নিজেদের সার্ভারে চলা একটা পরিমার্জিত উন্মুক্ত মডেলই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা, সহজ শর্তে ঋণ আর উদ্ভাবনী অনুদান দিয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য এ অবকাঠামোর দরজাটা খুলে দিতাম।

সার্ভার দেশে থাকলেই সার্বভৌমত্ব আসে না : আরেকটা কথা। প্রযুক্তিগত সার্বভৌমত্ব মানে দেশের সীমানার ভেতরে একটা ডেটা সেন্টার বসানো নয়। মানে হলো তথ্য, প্রযুক্তি, দক্ষ লোক আর গবেষণার ওপর সত্যিকারের নিয়ন্ত্রণ। চালানোর লোক আর জ্ঞান না থাকলে সার্ভার বাংলাদেশে বসলেই তথ্য নিরাপদ হয় না। বিশ্বের বড় কোম্পানিগুলোর সঙ্গে ভিত্তিমডেল বানানোর দৌড়ে বাংলাদেশের নামার দরকার নেই। দরকার তাদের প্রযুক্তি অন্য সবার চেয়ে ভালোভাবে ব্যবহার করে তার ওপর নিজেদের জিনিস দাঁড় করানো। কোনো দিন আমাদের গবেষকেরা নিজেরাই ভিত্তিমডেল বানানোর জায়গায় পৌঁছালে সেটা হবে স্বাভাবিক অগ্রগতি, শুরুতেই বিশাল সরকারি টাকার লক্ষ্য নয়।

সাফল্য মাপব যা দিয়ে : এআই বিপ্লবে সবচেয়ে বড় সম্পদ কম্পিউটার, সার্ভার বা ডেটা সেন্টার নয়। সবচেয়ে বড় সম্পদ মানুষ, ভালোতথ্য, গবেষণা আর উদ্যোক্তা। সরকারকে দিতে হবে নীতিসহায়তা আর অবকাঠামো, বিশ্ববিদ্যালয় করুক গবেষণা, বেসরকারি খাত তাকে পণ্য আর ব্যবসায় রূপ দিক। এ তিনে মিললে তবেই বাংলাদেশের নিজের এআই সক্ষমতা দাঁড়াবে। আমাদের সাফল্য মাপা উচিত ডেটা সেন্টার কত বড় হলো বা মডেলে কত কোটি প্যারামিটার ঢুকল, তা দিয়ে নয়। মাপা উচিত কটা বাস্তব সমস্যার সমাধান হলো, কত মানুষের জীবন একটু সহজ হলো, আর কটা নতুন বাংলাদেশি প্রযুক্তি ব্যবসা জন্ম নিল, তা দিয়ে। এটা ভুলে গেলে বোকামি হবে।

লেখক : ডিজিটাল গভর্ন্যান্স ও সরকারি খাত সংস্কারবিষয়ক নীতিবিশ্লেষক

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত