প্রিন্ট সংস্করণ
০০:০০, ১০ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ বর্তমানে এক অনন্য জনমিতিক বা ডেমোগ্রাফিক সুযোগের মধ্য দিয়ে অতিক্রম করছে; দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ কর্মক্ষম বয়সে অবস্থান করছে, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য এক বিরাট সম্ভাবনা; অর্থনীতিবিদরা একে 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ড' বা জনমিতিক লভ্যাংশ বলে থাকেন কিন্তু এ সম্ভাবনা তখনই বাস্তব অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়, যখন শ্রমবাজারে প্রবেশকারী নতুন জনশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়- অন্যথায় জনমিতিক লভ্যাংশ পরিণত হতে পারে জনমিতিক বোঝায়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় প্রশ্ন উঠছে— দেশের প্রচলিত চাকরির বাজার কি প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করা বিপুলসংখ্যক নতুন কর্মপ্রত্যাশীর জন্য যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে?
বাংলাদেশের শ্রমবাজারের সাম্প্রতিক তথ্য এ বিষয়ে উদ্বেগের ইঙ্গিত দেয়- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৪ সালে দেশের শ্রমশক্তির আকার প্রায় ৭ কোটি ১৭ লাখে পৌঁছেছে, এর মধ্যে কর্মরত মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি ৯১ লাখ হলেও বেকারের সংখ্যা ২৬ লাখের বেশি, জাতীয় বেকারত্বের হার ৩.৬৬ শতাংশে উন্নীত হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের একটি।
তবে সামগ্রিক বেকারত্বের হার দেখে শ্রমবাজারের প্রকৃত চিত্র বোঝা যায় না— বাংলাদেশের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো যুব বেকারত্ব। শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সী প্রায় ২ কোটি ৬৮ লাখ যুব শ্রমশক্তির মধ্যে প্রায় ১৯ লাখ ৪০ হাজার যুবক-যুবতী বেকার। যুব বেকারত্বের হার ৭.২ শতাংশ হলেও মোট বেকার জনগোষ্ঠীর প্রায় ৭৯ শতাংশই যুবক-যুবতী অর্থাৎ দেশের বেকারত্ব সংকট মূলত যুবসমাজ কেন্দ্রিক। আরও উদ্বেগজনক বিষয় হলো শিক্ষিত বেকারত্ব, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি। সাম্প্রতিক শ্রমশক্তি জরিপে দেখা গেছে, মোট বেকারদের মধ্যে উল্লেখযোগ্য অংশ বিশ্ববিদ্যালয় স্নাতক এবং উচ্চশিক্ষিত। যুব বেকারদের প্রায় এক-তৃতীয়াংশই উচ্চশিক্ষা সম্পন্ন অর্থাৎ শিক্ষা অর্জন করলেই চাকরি নিশ্চিত হচ্ছে না।
বাংলাদেশের চাকরির বাজারের কাঠামোগত সীমাবদ্ধতাও এখানে গুরুত্বপূর্ণ; স্বাধীনতার পর থেকে দেশের অর্থনীতির প্রধান কর্মসংস্থান খাত ছিল কৃষি কিন্তু যান্ত্রিকীকরণ, কৃষিজমির সংকোচন এবং উৎপাদন পদ্ধতির আধুনিকায়নের ফলে কৃষি খাতের শ্রম শোষণ ক্ষমতা ক্রমাগত কমছে। অন্যদিকে তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরে বৃহত্তম শিল্পখাত হিসেবে কর্মসংস্থান সৃষ্টি করলেও বর্তমানে অটোমেশন, ডিজিটাল উৎপাদন প্রযুক্তি এবং বৈশ্বিক প্রতিযোগিতার কারণে নতুন কর্মসংস্থান বৃদ্ধির হার আগের তুলনায় মন্থর হয়েছে। সরকারি চাকরি এখনও তরুণদের সবচেয়ে আকাঙ্ক্ষিত কর্মক্ষেত্র হলেও বাস্তবে প্রতি বছর সৃষ্ট পদের সংখ্যা শ্রমবাজারে প্রবেশকারী নতুন প্রার্থীদের তুলনায় অত্যন্ত কম।
সরকারি তথ্য অনুযায়ী, প্রতিবছর গড়ে প্রায় ১৩.৬ লাখ নতুন কর্মপ্রত্যাশী শ্রমবাজারে প্রবেশ করছে কিন্তু অর্থনীতির বিদ্যমান কাঠামো সেই অনুপাতে উচ্চমানের এবং স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। ফলে বেকারত্বের পাশাপাশি 'আন্ডার এমপ্লয়মেন্ট' বা অপূর্ণ কর্মসংস্থানও বাড়ছে। অনেক শিক্ষিত তরুণ তাদের যোগ্যতার চেয়ে নিম্নমানের কাজে নিয়োজিত হতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের শ্রমবাজারের আরেকটি বড় সমস্যা হলো দক্ষতার অমিল; বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছর হাজার হাজার স্নাতক বের হলেও শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে তাদের দক্ষতার মিল প্রায়ই পাওয়া যায় না। আধুনিক অর্থনীতি এখন শুধু সনদ নয় বরং প্রযুক্তিগত দক্ষতা, ডিজিটাল জ্ঞান, যোগাযোগ ক্ষমতা, সমস্যা সমাধান দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তিকে গুরুত্ব দিচ্ছে কিন্তু দেশের শিক্ষাব্যবস্থার বড় অংশ এখনও পরীক্ষাভিত্তিক জ্ঞান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ।
বিশ্ব অর্থনীতির পরিবর্তনও বাংলাদেশের শ্রমবাজারকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে; কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তি অনেক প্রচলিত চাকরির ধরন পরিবর্তন করে দিচ্ছে। বিশ্বজুড়ে নিম্ন ও মধ্যম দক্ষতার বহু চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে, বাংলাদেশের মতো শ্রমনির্ভর অর্থনীতির জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রচলিত শ্রমঘন শিল্পগুলো ভবিষ্যতে কম শ্রমিক নিয়োগ করেই বেশি উৎপাদন করতে সক্ষম হবে।
আন্তর্জাতিক অভিজ্ঞতা এ বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়— দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতি ভারতও বর্তমানে একই ধরনের সমস্যার মুখোমুখি। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সত্ত্বেও দেশটি পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে হিমশিম খাচ্ছে, বিভিন্ন গবেষণা এবং আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণে দেখা গেছে, ভারতের যুব বেকারত্ব অনেক ক্ষেত্রে ১৫ থেকে ২০ শতাংশেরও বেশি এবং কিছু জরিপে তা আরও উচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাংকও সতর্ক করেছে যে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হলে দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের জনমিতিক লভ্যাংশ হারানোর ঝুঁকিতে পড়বে।
অন্যদিকে পূর্ব এশিয়ার দেশগুলো— বিশেষ করে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান ও চীন— তাদের জনমিতিক সুবিধাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে সক্ষম হয়েছিল শিল্পায়ন, দক্ষতা উন্নয়ন এবং রপ্তানিমুখী উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে। তারা শ্রমঘন শিল্প থেকে ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর শিল্পে উত্তরণ ঘটিয়েছে, বাংলাদেশের জন্যও এ অভিজ্ঞতা অত্যন্ত প্রাসঙ্গিক।
তবে বাংলাদেশের সামনে সম্ভাবনার ক্ষেত্রও কম নয়; তথ্যপ্রযুক্তি, বিজনেস প্রসেস আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ই-কমার্স, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা, লজিস্টিকস এবং পর্যটন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ বাংলাদেশের তরুণদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের নতুন দ্বার উন্মুক্ত করেছে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতির রূপান্তরও গুরুত্বপূর্ণ; কৃষিভিত্তিক শিল্প, কোল্ড চেইন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি-লজিস্টিকস, জলাভূমিভিত্তিক অর্থনীতি, এগ্রি-ট্যুরিজম এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলো গ্রামাঞ্চলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এতে শহরমুখী অভিবাসনের চাপ কমবে এবং আঞ্চলিক বৈষম্যও হ্রাস পাবে।
কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় উদ্যোক্তা সৃষ্টির বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ার দাবি রাখে; বিশ্বের বহু দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) নতুন চাকরির প্রধান উৎস। বাংলাদেশেও যদি তরুণদের চাকরিপ্রার্থী নয় বরং চাকরি সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়, তাহলে কর্মসংস্থান সংকট অনেকাংশে লাঘব হতে পারে, এর জন্য সহজ অর্থায়ন, স্টার্টআপ সহায়তা, উদ্ভাবন কেন্দ্র এবং সরকারের ব্যবসাবান্ধব নীতিমালা প্রয়োজন।
বাংলাদেশের প্রচলিত চাকরির বাজার এককভাবে ভবিষ্যতের বিপুলসংখ্যক নতুন কর্মপ্রত্যাশীর কর্মসংস্থানের চাহিদা পূরণ করতে সক্ষম হবে না। বর্তমান শ্রমবাজারের কাঠামো, দক্ষতার ঘাটতি, প্রযুক্তিগত পরিবর্তন এবং শিল্পখাতের সীমাবদ্ধতা এ বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলছে- তাই কর্মসংস্থানের ধারণা ও নীতিকে নতুনভাবে পুনর্বিন্যাস করতে হবে। শিল্পায়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ অর্থনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক শ্রমবাজারে সংযুক্তির সমন্বিত কৌশল গ্রহণ ছাড়া বাংলাদেশের সামনে থাকা জনমিতিক সুযোগকে কাজে লাগানো সম্ভব হবে না, অন্যথায় আজকের সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠী আগামী দিনের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জে পরিণত হওয়ার ঝুঁকি বহন করবে।
লেখক : গ্রিন সার্কুলার ইকোনমি স্পেশালিস্ট