প্রিন্ট সংস্করণ
০০:০০, ১২ নভেম্বর, ২০২৬
বাংলাদেশের মানচিত্রের দক্ষিণাঞ্চল মানেই নদী-সমুদ্রের মিতালি আর প্রকৃতির সঙ্গে এক চিরন্তন সংগ্রাম। বঙ্গোপসাগরের কোলঘেঁষা এ উপকূলীয় অঞ্চল আমাদের জাতীয় অর্থনীতির এক অন্যতম প্রাণকেন্দ্র হলেও এর ইতিহাস যেমন সম্ভাবনার, তেমনি গভীর বেদনা ও ত্যাগের। প্রতিবছর ১২ নভেম্বর তারিখটি এ দেশের কোটি উপকূলবাসীর কাছে এক শোক ও স্মৃতির দিন।
১৯৭০ সালের এ দিনে উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়েছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ভোলা, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সরকারি ও আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, সেদিন প্রায় ৩ থেকে ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল (বেসরকারি মতে সংখ্যাটি প্রায় ১০ লাখ)।
১৯৭০-এর এ বিভীষিকাময় দিনটিকে স্মরণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় সচেতন ও প্রস্তুত করতে ১২ নভেম্বরকে 'উপকূল দিবস' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি আজ সময়ের দাবি।
উপকূলের চিত্র নানা সংকটে জর্জরিত : জোয়ারের পানি ও লবণাক্ততা কৃষিজমি ও ভূগর্ভস্থ পানির স্তর নষ্ট করায় সুপেয় পানি এবং খাদ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। সিডর, আইলা, আম্পান, মোখা বা রেমালের মতো সাইক্লোনগুলো নিয়মিত বিরতিতে উপকূলের অর্থনীতিকে কয়েক দশক পেছনের দিকে ঠেলে দিচ্ছে। নদীভাঙন, অপর্যাপ্ত ও ভাঙাচোরা বাঁধ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনের অভাব উপকূলবাসীকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে রাখছে।
দেশের অর্থনীতিতে মৎস্যসম্পদ, কৃষি এবং সমুদ্র অর্থনীতির অবদান অপরিসীম। তাই উপকূলবাসীর জীবনমান উন্নয়ন ও সুরক্ষায় অবিলম্বে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
কিছু পদক্ষেপ : মাটি বা দুর্বল বেড়িবাঁধের পরিবর্তে দীর্ঘস্থায়ী কংক্রিট বা রিং-বাঁধ নির্মাণ এবং তার নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আধুনিক মৎস্য চাষ, কুটিরশিল্প ও যুব সমাজের জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরি করা। ঝুঁকিপূর্ণ ও দুর্গম দ্বীপাঞ্চলগুলোতে পর্যাপ্ত বহুতল আশ্রয়কেন্দ্র (গবাদিপশুর নিরাপত্তাসহ) এবং মানসম্মত শিক্ষা-চিকিৎসার ব্যবস্থা করা। উপকূলীয় অঞ্চলের জন্য জলবায়ু ট্রাস্ট ফান্ড ও বিশেষ বাজেট বরাদ্দ রেখে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা। ১৯৭০ সালের প্রলয়ঙ্করী দুর্যোগ আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়— উপকূলীয় সুরক্ষায় অবহেলার মূল্য কতটা ভয়ংকর হতে পারে। দলমত নির্বিশেষে ১২ নভেম্বরকে 'উপকূল দিবস' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি আজ আর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং কোটি মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্ন। 'কাউকে পেছনে ফেলে নয়'— এ স্লোগানকে ধারণ করে একটি জলবায়ু-সহনশীল ও সুরক্ষিত উপকূল গড়ে তুলতে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
লেখক : কবি, কক্সবাজার