ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ফ্যামিলি কার্ড—

স্বস্তির পাশাপাশি আত্মনির্ভরতার পথ

স্বস্তির পাশাপাশি আত্মনির্ভরতার পথ

দারিদ্র্য ও আর্থিক অনিশ্চয়তার সঙ্গে লড়াই করা একটি পরিবারের কাছে নিয়মিত সামান্য অর্থও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। যশোরের চাঁচড়া ইউনিয়নের কয়েকটি পরিবারের অভিজ্ঞতা সেই বাস্তবতাই সামনে এনেছে। সরকারের পাইলট কর্মসূচি 'ফ্যামিলি কার্ডের' মাধ্যমে প্রতি মাসে পাওয়া আড়াই হাজার টাকা অনেক পরিবারের দৈনন্দিন ব্যয়ের চাপ কমানোর পাশাপাশি নারীদের হাতে তৈরি করছে নতুন সম্ভাবনার সুযোগ।

এ সহায়তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অর্থটি নারীদের হাতে পৌঁছাচ্ছে। ফলে সংসারের প্রয়োজন কোথায়, কোন খাতে অর্থ ব্যয় করলে সবচেয়ে বেশি উপকার হবে— সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও নারীদের ভূমিকা বাড়ছে। কেউ সন্তানের পড়াশোনার খরচ মেটাচ্ছেন, কেউ অসুস্থ স্বামীর চিকিৎসার ব্যয় বহন করছেন, কেউ ঋণের কিস্তি পরিশোধ করছেন। আবার অনেকে হাঁস-মুরগি বা কবুতর পালন করে বাড়তি আয়ের পথ তৈরির চেষ্টা করছেন। অর্থাৎ এটি কেবল ভোগের জন্য নগদ সহায়তা নয়, সঠিক ব্যবহারের মাধ্যমে অনেকের কাছে ক্ষুদ্র পুঁজি হিসেবেও কাজ করছে। বাংলাদেশের নিম্নআয়ের অসংখ্য পরিবারে পুরুষ সদস্যের আয় অনিয়মিত। দিনমজুরি, পরিবহন, মৌসুমি কাজ কিংবা ছোটখাটো পেশার ওপর নির্ভরশীল এসব পরিবারে কয়েক দিন কাজ না থাকলেই দেখা দেয় সংকট। অসুস্থতা বা দুর্ঘটনার মতো পরিস্থিতি সেই সংকটকে আরও গভীর করে। এমন বাস্তবতায় নিয়মিত আর্থিক সহায়তা পরিবারের জন্য এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করতে পারে। বিশেষ করে নারীদের হাতে অর্থ থাকলে সন্তানদের শিক্ষা, খাবার, চিকিৎসা ও জরুরি প্রয়োজন দ্রুত মেটানোর সুযোগ বাড়ে।

তবে ফ্যামিলি কার্ডের কার্যকারিতা নিশ্চিত করতে হলে এর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে জরুরি। প্রকৃত নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলো যাতে অগ্রাধিকার পায়, তা নিশ্চিত করতে হবে। দল, মত, ধর্ম বা রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে উপকারভোগী নির্বাচন করা প্রয়োজন। যশোরের পাইলট কর্মসূচিতে এমন নীতির কথা বলা হয়েছে— পরবর্তী পর্যায়েও তা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

একই সঙ্গে শুধু অর্থ বিতরণেই কর্মসূচির সাফল্য সীমাবদ্ধ রাখা যাবে না। যেসব নারী এই অর্থের একটি অংশ উৎপাদনশীল কাজে বিনিয়োগ করতে চান, তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারসংযোগের সুযোগ দেওয়া যেতে পারে। হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা, সবজি চাষ বা অন্যান্য আয়বর্ধক কাজে সহায়তা পেলে সামান্য অর্থও দীর্ঘমেয়াদি আত্মনির্ভরতার ভিত্তি হতে পারে।

ফ্যামিলি কার্ড তাই কেবল একটি আর্থিক সহায়তা কর্মসূচি নয়; এটি নারীর আর্থিক সক্ষমতা ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়ানোরও একটি সুযোগ। পাইলট পর্যায়ের ইতিবাচক অভিজ্ঞতা সঠিকভাবে মূল্যায়ন করে স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনায় কর্মসূচিটি সম্প্রসারণ করা গেলে দেশের বহু নিম্নআয়ের পরিবারে স্বস্তি ফিরতে পারে। সবচেয়ে বড় কথা, সহায়তার হাত ধরে যদি নারীরা নিজেদের আয়ের পথ তৈরি করতে পারেন, তবে সেই স্বস্তি একসময় টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরতার শক্তিতে রূপ নেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত