ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

খাল-পুকুর উদ্ধারেই থেমে থাকলে চলবে না

খাল-পুকুর উদ্ধারেই থেমে থাকলে চলবে না

একসময় খাল, পুকুর, জলাশয় ও নদীঘেরা ঢাকা ছিল প্রাকৃতিক জলপ্রবাহের এক জীবন্ত নগরী। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ দখল, নির্বিচার ভরাট এবং প্রাকৃতিক জলাধার রক্ষায় দীর্ঘদিনের অবহেলায় সেই ঢাকা আজ জলাবদ্ধতা, পরিবেশদূষণ ও পানিসংকটের মতো বহুমুখী সমস্যায় জর্জরিত। সামান্য বৃষ্টিতেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা এখন প্রায় নিয়মিত। এ বাস্তবতায় রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের সরকারি উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

ঢাকার খালগুলো শুধু পানি নিষ্কাশনের পথ নয়, নগরীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যেরও গুরুত্বপূর্ণ অংশ। খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে বৃষ্টির পানি দ্রুত সরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। অন্যদিকে পুকুর ও অন্যান্য জলাধার কমে গেলে বৃষ্টির পানি মাটিতে প্রবেশের সুযোগও সংকুচিত হয়, যা ভূগর্ভস্থ পানির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। ফলে জলাবদ্ধতা ও পানিসংকট— দুই সমস্যাই ক্রমে জটিল হয়ে ওঠে।

দুঃখজনক হলো, রাজধানীর অনেক খাল বছরের পর বছর ধরে দখল ও ভরাটের শিকার হয়েছে। কোথাও বসতবাড়ি, বহুতল ভবন ও দোকানপাট; কোথাও কারখানা, গুদাম, গ্যারেজ কিংবা অন্যান্য বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে খালের জমি দখল করে। এর ফলে অনেক খাল সংকুচিত হয়েছে, কোথাও কোথাও প্রায় বিলীন হয়ে গেছে। এটি শুধু আইন ভঙ্গের বিষয় নয়; একটি নগরীর প্রাকৃতিক নিরাপত্তাব্যবস্থাকে ধ্বংস করার সামিল।

সরকারের উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো— এটি দুই সিটি কর্পোরেশনকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। খাল উদ্ধারের ক্ষেত্রে ভূমি রেকর্ড যাচাই, সীমানা নির্ধারণ, সরকারি জমি চিহ্নিতকরণ, উচ্ছেদ অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় একাধিক সংস্থার ভূমিকা রয়েছে। অতীত অভিজ্ঞতা বলছে, এ ধরনের কাজে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই এবার দায়িত্বের সুস্পষ্ট বিভাজন ও কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি।

তবে খাল দখলমুক্ত করাই শেষ কাজ নয়। বরং এর পরের চ্যালেঞ্জ আরও বড়— পুনরায় দখল ঠেকানো। অতীতে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান চালানো হলেও যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় আবার অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। তাই উদ্ধার করা খালের সীমানা স্থায়ীভাবে চিহ্নিত করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজন হলে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনসাধারণের অভিযোগ গ্রহণের ব্যবস্থা এবং দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে হবে। খাল উদ্ধারের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণও সমান গুরুত্বপূর্ণ। দখলমুক্ত একটি খাল যদি বর্জ্য ও আবর্জনার ভাগাড়ে পরিণত হয়, তাহলে প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হবে। খালে শিল্পবর্জ্য, গৃহস্থালি বর্জ্য ও প্লাস্টিক ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কারণ জলাশয় রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; নগরবাসীরও নাগরিক দায়িত্ব রয়েছে। ৬২টি পুকুর সংরক্ষণের উদ্যোগও বিশেষ গুরুত্বের দাবি রাখে। দ্রুত কংক্রিটে ঢেকে যাওয়া রাজধানীতে এসব জলাধার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে জলাশয়ের ভূমিকা রয়েছে। পরিকল্পিতভাবে খাল ও পুকুরের আশপাশে সবুজায়ন করা গেলে নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশও তৈরি হবে। ঢাকাকে বাসযোগ্য করতে বড় বড় উড়ালসড়ক কিংবা নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রকৃতির নিজস্ব অবকাঠামোও ফিরিয়ে আনতে হবে। খাল, পুকুর ও জলাধার কোনো অব্যবহৃত জমি নয়— এগুলো নগরীর প্রাকৃতিক জীবনরেখা। তাই ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধারের উদ্যোগকে প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার অংশ করতে হবে। উদ্ধার, সংরক্ষণ, দূষণমুক্তকরণ ও পুনর্দখল রোধ— এ চারটি বিষয় নিশ্চিত করতে পারলেই উদ্যোগটির প্রকৃত সুফল মিলবে। রাজধানীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপের বিকল্প নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত