ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

অবকাঠামোর সঙ্গে চাই কার্যকর স্বাস্থ্যসেবা

অবকাঠামোর সঙ্গে চাই কার্যকর স্বাস্থ্যসেবা

দেশের স্বাস্থ্যব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো মানসম্মত চিকিৎসাসেবার অসম প্রাপ্যতা। রাজধানী ও বড় শহরকেন্দ্রিক বিশেষায়িত হাসপাতালের ওপর মানুষের অতিরিক্ত নির্ভরতা একদিকে চিকিৎসাসেবায় চাপ বাড়ায়, অন্যদিকে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত করে। এ বাস্তবতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়ানো এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী করতে প্রায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু বাস্তবতা হলো, দেশের বহু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। অনেক প্রতিষ্ঠানের ভবন পুরোনো ও জরাজীর্ণ, কোথাও পর্যাপ্ত শয্যা নেই, কোথাও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত। ফলে সামান্য থেকে মাঝারি জটিলতার রোগ নিয়েও মানুষকে জেলা শহর বা রাজধানীতে ছুটতে হয়। এতে রোগীর ভোগান্তির পাশাপাশি বড় হাসপাতালগুলোতে অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়। সরকারের পরিকল্পনায় ৫০৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বৃদ্ধি এবং পর্যায়ক্রমে বড় পরিসরে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে অনেক উপজেলার জনসংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে। সেখানে ৩০ বা ৫০ শয্যার হাসপাতাল দিয়ে বাড়তে থাকা চিকিৎসার চাহিদা পূরণ করা কঠিন। শয্যা বৃদ্ধি, বহুতল সেবাভবন নির্মাণ এবং হাসপাতালের সামগ্রিক সক্ষমতা বাড়ানো তাই সময়ের দাবি। প্রস্তাবিত অবকাঠামোয় নিবিড় পরিচর্যা, জরুরি চিকিৎসা, আধুনিক অস্ত্রোপচার, মাতৃ ও নবজাতক সেবা, ডায়ালাইসিস, চক্ষু চিকিৎসা, ক্যানসার স্ক্রিনিং ও ফিজিওথেরাপির মতো সেবা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এসব সেবা কার্যকরভাবে উপজেলা পর্যায়ে চালু করা গেলে সাধারণ ও মাঝারি জটিলতার বিপুলসংখ্যক রোগী স্থানীয়ভাবেই চিকিৎসা পাবেন। জেলা ও বিভাগীয় হাসপাতালের ওপর চাপও কমবে। তবে শুধু বড় বড় ভবন নির্মাণ করলেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নতি হবে না। আমাদের অভিজ্ঞতায় দেখা যায়, কোথাও আধুনিক ভবন আছে কিন্তু পর্যাপ্ত চিকিৎসক নেই; কোথাও যন্ত্রপাতি রয়েছে কিন্তু দক্ষ জনবল বা রক্ষণাবেক্ষণের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। আবার কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় ওষুধের ঘাটতি থাকে। তাই অবকাঠামো উন্নয়নের সঙ্গে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং তাদের দায়িত্বশীল উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতির নিয়মিত সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও থাকতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের প্রকল্পটি আরও ব্যাপক জনগোষ্ঠীর জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। হাজার হাজার স্বাস্থ্যসেবা হাব ও কেন্দ্র নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কারের মাধ্যমে মানুষের কাছাকাছি চিকিৎসাসেবা পৌঁছানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্য, নারীদের স্বাস্থ্য, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা এবং প্রাথমিক রোগ শনাক্তকরণে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও এ উদ্যোগের সফলতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজনীয় রোগীকে উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা কার্যকরভাবে চালু করা গেলে স্বাস্থ্যসেবার ধারণায় বড় পরিবর্তন আসতে পারে। রোগ জটিল হওয়ার আগেই তা শনাক্ত করার সুযোগ বাড়বে এবং চিকিৎসার ব্যয়ও কমতে পারে। তবে এত বড় অঙ্কের সরকারি বিনিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অপরিহার্য। নির্মাণ ব্যয় যৌক্তিক রাখা, মানসম্মত কাজ নিশ্চিত করা এবং ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম প্রতিরোধ করতে হবে। পরিকল্পনা কমিশনের ব্যয়, ক্রয় পরিকল্পনা, জনবল চাহিদা ও পরিবেশগত বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনার সুপারিশ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে হলে চিকিৎসাকে রাজধানী ও বড় শহরের গণ্ডি থেকে বের করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত