প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৫ নভেম্বর, ২০২৬
আবহমান বাংলার গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে প্রাণিসম্পদ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কৃষিনির্ভর এ দেশে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন শুধু পারিবারিক পুষ্টি ও জীবিকার উৎস নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখার অন্যতম ভিত্তি। সময়ের পরিবর্তনে সেই চিরাচরিত প্রাণিসম্পদ খাত এখন আর কেবল অভ্যন্তরীণ চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি আয়ের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আবির্ভূত হচ্ছে। যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং কার্যকর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এ খাত হয়ে উঠতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম চালিকাশক্তি।
বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের সাম্প্রতিক অগ্রগতি আশাব্যঞ্জক। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১.৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬.৫৬ শতাংশ এবং জিডিপির প্রবৃদ্ধির হার ৩.৩০ শতাংশ। দেশের প্রায় ২০ শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে এবং প্রায় ৫০ শতাংশ মানুষ পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। দেশের মোট পরিবারের ৪৩.৬৪ শতাংশ কোনো না কোনোভাবে প্রাণিসম্পদ ও পোল্ট্রি পালনের সঙ্গে সম্পৃক্ত। এসব পরিসংখ্যান প্রমাণ করে, জাতীয় অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের তথ্য অনুযায়ী, দেশে দুধ উৎপাদিত হয়েছে ১৫৭.৫৩ লাখ মেট্রিক টন, মাংস উৎপাদিত হয়েছে ৯০.৭০ লাখ মেট্রিক টন এবং ডিম উৎপাদিত হয়েছে ২ হাজার ৫০৯ কোটি ৪১ লাখ। উৎপাদনের এ মাত্রা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা তৈরির ভিত্তিও গড়ে তুলছে। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের অবস্থান উল্লেখযোগ্য। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪র্থ, ছাগলের মাংস উৎপাদনে ৫ম এবং ডিম উৎপাদনে (এশিয়া) ১৪তম। এ ছাড়া প্রাণী ও প্রাণিজাত মোট ১৬টি পণ্য আন্তর্জাতিক বাণিজ্যে জিআই স্বীকৃতি পেয়েছে। এসব অর্জন প্রমাণ করে, প্রাণিসম্পদ উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে। এখন প্রয়োজন সেই সক্ষমতাকে আন্তর্জাতিক বাণিজ্যের উপযোগী করে তোলা। প্রাণিসম্পদ খাতের সবচেয়ে আশাব্যঞ্জক দিক হচ্ছে রপ্তানি আয়ের সাম্প্রতিক চিত্র। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬ মাসে প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানি করে আয় হয়েছে ৩২.৯৮ লাখ মার্কিন ডলার। পরবর্তী ছয় মাস অর্থাৎ ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এ আয় বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৬৩ লাখ ইউএস ডলার। আগের ছয় মাসের তুলনায় এ আয় প্রায় ২১৭ শতাংশ বেশি (সূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তর)।
রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিসম্পদজাত পণ্যের চাহিদা ও সম্ভাবনার ইতিবাচক ইঙ্গিত বহন করে। তবে এ প্রবৃদ্ধি ধরে রাখতে পণ্যের মান, উৎপাদনব্যবস্থা ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে। এরইমধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রাণিজ পণ্য মালদ্বীপ, কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নাইজেরিয়া, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মিসর, কুয়েত, পাকিস্তান, থাইল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, হংকং ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এর মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, দুধ ও দুগ্ধজাত পণ্য, দধি, রসমালাই, মিষ্টি, বুল স্টিক, জিলেটিন, হাঁসের পালক, গরুর লেজের লোম, কবুতর, ওম্যাজাম, মোগলাই পরোটা, গরু ও মহিষের শিং, টুকরা চামড়া এবং ভেটেরিনারি মেডিসিন সাপ্লিমেন্ট।
সম্প্রতি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম। ২০২৬ সালের ২৮ জুন কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি 'রস ৩০৮' ব্রয়লার প্যারেন্ট হ্যাচিং এগ রপ্তানি করে। চালানটির মূল্য ছিল প্রায় ১৯ হাজার মার্কিন ডলার। এটি শুধু একটি বাণিজ্যিক সাফল্য নয়; বরং বাংলাদেশের পোল্ট্রি খাতের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনার গুরুত্বপূর্ণ স্বীকৃতি ও ঐতিহাসিক মাইলফলক। মন্ত্রণালয়ের নেওয়া ২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাতকে রপ্তানিমুখী করার লক্ষ্য বাস্তবায়নেএ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্ববাজারে প্রাণিজ পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় হালাল মাংস, প্রক্রিয়াজাত খাদ্য, ডিম, দুগ্ধজাত পণ্য এবং চামড়াজাত উপকরণের উল্লেখযোগ্য বাজার রয়েছে। বাংলাদেশের জন্য এ বাজারগুলো অত্যন্ত সম্ভাবনাময়। কারণ, এ দেশের রয়েছে বিপুল প্রাণিসম্পদ, উদ্যোক্তা ও খামারি, তুলনামূলক কম উৎপাদন ব্যয় এবং প্রাণিজ খাদ্য উৎপাদনের দীর্ঘ অভিজ্ঞতা। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী দুগ্ধজাত মিষ্টি, দধি ও অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে স্বতন্ত্র পরিচিতি অর্জন করতে পারে।
বাংলাদেশে এখন পর্যন্ত ১১টি মিষ্টি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এখন প্রয়োজন শুধু পণ্যের গুণগত মান, প্যাকেজিং, সংরক্ষণ ও বাজারজাতকরণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ। এ বাস্তবতা সামনে রেখে ২০২৬ সালের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ'। চলতি মাসের ২৬ থেকে ২৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সপ্তাহটি পালন হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে এ কর্মসূচি পালিত হবে। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ জাতীয় প্রাণিসম্পদ পদক। খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে গবাদিপশুর খামার, পোল্ট্রি, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, প্রাণীখাদ্য, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, গণমাধ্যম, সমাজভিত্তিক সংগঠন এবং প্রাণীকল্যাণসহ মোট ৯টি ক্যাটাগরিতে পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের স্বীকৃতি খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি খাতটির আধুনিকায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এ ছাড়া মানবসম্পদ উন্নয়নে ৫ হাজার ৪৪৯ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৬ হাজার ৮৩৮ জন সফল উদ্যোক্তাকে তালিকাভুক্ত করা হয়েছে।
সারা দেশে ৮৭ হাজার ৫৩৬টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, গবাদিপশুর কৃত্রিম প্রজনন সম্প্রসারণ, রোগ প্রতিরোধে ১৭টি রোগের বিপরীতে ৩৪ কোটি ডোজ টিকা উৎপাদন এবং প্রাণী চিকিৎসাসেবা সম্প্রসারণ এ খাতের সক্ষমতা ওসম্ভাবনা বাড়াচ্ছে।
বাংলাদেশের প্রাণিসম্পদ খাতেরসম্ভাবনা উজ্জ্বল হলেও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
প্রথমত, প্রাণীর সংক্রামক রোগ, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং দুর্বল বায়োসিকিউরিটি ব্যবস্থা নিরাপদ উৎপাদনের পথে বাধা।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার, আধুনিক কসাইখানা, প্রক্রিয়াজাতকরণ কারখানা, হিমাগার ও কোল্ড চেইন ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে।
তৃতীয়ত, উৎপাদন ব্যয় ও মানসম্মত পশুখাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা কঠিন, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য।
এ ছাড়া আন্তর্জাতিক স্যানিটারি মানদণ্ড, খাদ্যনিরাপত্তা, হালাল সনদ এবং পণ্যের উৎস শনাক্তকরণ বা ট্রেসেবিলিটি নিশ্চিত করা জরুরি। এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সম্ভাবনাময় বাজারেও বাংলাদেশের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজার সম্পর্কে পর্যাপ্ত তথ্য, ব্র?্যান্ডিং এবং দক্ষ বাজার ব্যবস্থাপনার অভাবও রপ্তানি সম্প্রসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
প্রথমত, প্রয়োজন রোগমুক্ত উৎপাদন অঞ্চল বা ডিজিজ ফ্রি জোন গড়ে তোলা। অঞ্চলভিত্তিক উৎপাদন ও কঠোর নজরদারির মাধ্যমে রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি আধুনিক কোয়ারেন্টাইন ব্যবস্থা, আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার, পশু ও পোল্ট্রির টিকাদান কর্মসূচি এবং খামার পর্যায়ে বায়োসিকিউরিটি জোরদার করতে হবে।
প্রতিটি রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন পর্যন্ত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। রপ্তানির উপযোগী বিশেষায়িত প্রক্রিয়াজাতকরণ অঞ্চল গড়ে তোলাও সময়ের দাবি।
দ্বিতীয়ত, উৎপাদন ব্যয় কমানো ও উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাত, মানসম্মত পশুখাদ্য এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আমাদের দেশে দুধ উৎপাদনে অগ্রগতি থাকলেও চাহিদার তুলনায় ঘাটতি এখনো রয়েছে। এ ঘাটতি পূরণে উন্নত জাতের গবাদিপশু, সবুজ ঘাস উৎপাদন, সুষমখাদ্য সরবরাহ, প্রাণী চিকিৎসা এবং খামার ব্যবস্থাপনার আধুনিকায়নে বিনিয়োগ বাড়াতে হবে।
তৃতীয়ত, রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানো জরুরি। ক্ষুদ্র উদ্যোক্তা ও খামারিদের পক্ষে এককভাবে আন্তর্জাতিক বাজারের শর্তপূরণ করা কঠিন। তাই সমবায়ভিত্তিক উৎপাদন, চুক্তিভিত্তিক খামার ব্যবস্থাপনা, সহজশর্তে ঋণ, প্রশিক্ষণ, বীমা এবং রপ্তানি প্রণোদনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের প্রাণিজ পণ্যের ব্র?্যান্ডিং, বাজার গবেষণা, বাণিজ্যমেলা ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। বিশেষ করে হালাল অর্থনীতির ক্রমবর্ধমান বাজারকে লক্ষ্য করে মাংস, ডিম, দুগ্ধজাত পণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যের পৃথক রপ্তানি কৌশল গ্রহণ করা প্রয়োজন।
চতুর্থত, প্রাণিসম্পদ খাতের উপজাতকে সম্পদে পরিণত করতে হবে। গরু-মহিষের শিং, হাড়, চামড়া, পশম, পালক, জেলাটিনসহ বিভিন্ন উপজাত থেকে উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। পাশাপাশি পশুখাদ্য, খৈল, রাইস ব্রান ও ডি-অয়েলড মিলের মতো পণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণেও রপ্তানি সম্ভাবনা রয়েছে।
সবশেষে বলা যায়, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এখন সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রপ্তানি আয়ের নতুন দিগন্ত উন্মোচন করাই হোক আমাদের অঙ্গীকার। সর্বোপরি, সমৃদ্ধ প্রাণিসম্পদ, নিরাপদ উৎপাদন এবং প্রাণিসম্পদের রপ্তানিমুখী অর্থনীতি— এ তিনের সমন্বয়েই গড়ে ওঠবে আগামীর আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।
লেখক : গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর